১০ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউআইইউ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় বিবিএ চ্যাম্পিয়ন

প্রকাশ:

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেট ক্লাব (ইউআইইউডিসি) আয়োজিত ‘কার্টআপ নিবেদিত ১ম ইউআইইউ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা’ সম্প্রতি সফলভাবে সমাপ্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। বুদ্ধিবৃত্তিক লড়াই ও গঠনমূলক যুক্তিবিন্যাসের মাধ্যমে প্রতিযোগিতাটি ক্যাম্পাসে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে। প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করেছে ব্যবসায় প্রশাসন (বিবিএ) বিভাগ। বিজয়ী দলের সদস্য হিসেবে অংশ নিয়েছেন তাসনিম হোসেন, তালুকদার সাদমান সাকিব ও সাদিয়া সুলতানা। অন্যদিকে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করেছে, যেখানে দলের প্রতিনিধিত্ব করেন মেহরুন নেসা দোলা, নাসরিন জাহান ও মাহমুদা আক্তার।

টুর্নামেন্টে ব্যক্তিগত নৈপুণ্য প্রদর্শনকারীদের আলাদাভাবে পুরস্কৃত করা হয়েছে। এর মধ্যে বিবিএ বিভাগের তাসনিম হোসেন ‘ডিবেটার অব দ্য টুর্নামেন্ট’ এবং তালুকদার সাদমান সাকিব ‘ডিবেটার অব দ্য ফাইনাল’ হিসেবে নির্বাচিত হন। এছাড়া বিতর্কে বিশেষ অবদান ও ক্লাবের সাফল্যে ভূমিকার জন্য জান্নাতুল ফেরদৌস দীপ্তিকে ‘ইউআইইউডিসি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স’ প্রদান করা হয়। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের অধ্যাপক ও বিবিএ ইন এআইএস-এর কোঅর্ডিনেটর ড. জেমস বকুল সরকার, একই স্কুলের অধ্যাপক ও বিবিএ প্রোগ্রামের পরিচালক ড. সালমা করিম এবং অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক।

অনুষ্ঠানে কি-নোট স্পিকার হিসেবে যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টরেট অব ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক নাহিদ হাসান খান। উপস্থিত ছিলেন ইউআইইউডিসি-এর সাবেক সভাপতি রফিউল ইসলাম শান্ত ও বর্তমান সভাপতি কে. এম. ইসমাইল সাফা। এছাড়া ইউআইইউ-এর অফিস অব স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের পরিচালক আবু সাদাত মো. মোস্তানসিরবিল্লা, নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক মো. শায়ান সাদিক এবং ইউএস-বাংলা গ্রুপ (কার্টআপ)-এর এইচআর এক্সিকিউটিভ হাসান মাহমুদ সম্রাটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। টাইটেল স্পন্সর ‘কার্টআপ’-এর পক্ষে ছিলেন সহকারী ব্যবস্থাপক শাহরিয়ার সৌমিক ও মাহফুজা আক্তার মিমি এবং গোল্ড পার্টনার ছিল ইউনাইটেড ফাইন্যান্স। আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এই আয়োজন শিক্ষার্থীদের যুক্তিভিত্তিক চিন্তাধারা, পাবলিক স্পিকিং ও দলগত দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সমাপনী পর্বে বিজয়ী ও অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

শেয়ার করুন