১০ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘে ড. খলিলের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

প্রকাশ:

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের (ওপিজিএ) ওয়েবসাইটে প্রকাশিত কর্মকর্তাদের তালিকায় তার নাম ও পদবি উল্লেখ করা হয়েছে। ড. খলিলুর রহমানের কার্যালয়ে মোট ৪০ জন কর্মকর্তা রয়েছেন, যার মধ্যে জাইমা রহমানসহ ছয়জন বাংলাদেশি। জাতিসংঘের ওয়েবসাইটে তাকে ‘লিগ্যাল অফিসার—বাংলাদেশ’ হিসেবে পরিচয় দেওয়া হয়েছে এবং তিনি সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের এক্সিকিউটিভ অফিসের অধীনে কাজ করবেন।

ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, জাইমা রহমান একজন ব্যারিস্টার। তিনি লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে আইন ও রাজনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এবং পরে ইংল্যান্ড ও ওয়েলসে ব্যারিস্টারি পেশার যোগ্যতা লাভ করেন। বর্তমানে ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কার্যালয়ের কর্মকর্তাদের তালিকাতেই জাইমা রহমানের এই নতুন দায়িত্বের তথ্য প্রকাশ করা হয়েছে।

ড. খলিলের কার্যালয়ে দায়িত্ব পাওয়া অন্য বাংলাদেশিরা হলেন কূটনীতিক আব্দুল আলিম, মোয়াজ্জেম হোসেন, মাফিজুল ইসলাম, জাকির আহমেদ এবং মো. রফিকুল আলম মোল্লা। এদের মধ্যে মো. আবদুল আলিম বাংলাদেশ থেকে সবচেয়ে জ্যেষ্ঠ দায়িত্বে আছেন, তিনি ডেপুটি শেফ দ্য কেবিনেট হিসেবে কাজ করছেন। পররাষ্ট্র ক্যাডারের এই কর্মকর্তা এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে কাজ করেছেন। ২০১০ সালে জাতিসংঘে যোগদানের পর তিনি স্বল্পোন্নত দেশ, জলবায়ু এবং উন্নয়ন অর্থায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করেছেন।

মোয়াজ্জেম হোসেন অ্যাডভাইজার অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিযুক্ত হয়েছেন। তারও পররাষ্ট্র মন্ত্রণালয় ও নিউইয়র্কে কাজের অভিজ্ঞতা রয়েছে। এছাড়া কায়রোর বাংলাদেশি মিশনে তার ১৫ বছরের বেশি কাজের অভিজ্ঞতা আছে। নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে তিনি প্রশাসনিক কর্মকর্তা হিসেবে তৃতীয় কমিটি, নির্বাচন, প্রটোকল, তথ্যপ্রযুক্তি, মিশনের অনুষ্ঠান, ভিসা-পাসপোর্ট এবং কূটনৈতিক যোগাযোগের মতো বিষয়গুলো দেখভাল করেছেন।

মাফিজুল ইসলাম ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ের হিউম্যান রাইটস অ্যান্ড হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স টিমে সিনিয়র অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পেয়েছেন। জাতিসংঘে তার প্রায় ১২ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে। মানবাধিকার পর্যবেক্ষণ, আগাম সতর্কতা, ঝুঁকি শনাক্তকরণ, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য বিশ্লেষণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন ব্যবস্থার সঙ্গে তার কাজের অভিজ্ঞতা বিদ্যমান।

একই টিমে বাংলাদেশের জাকির আহমেদ সিনিয়র অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন। বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের এই কর্মকর্তা পররাষ্ট্র মন্ত্রণালয়, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে কাজ করেছেন। তিনি মিয়ানমারে বাংলাদেশ কনস্যুলেটেও মিশনপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কার্যালয়ে পরিচালক এবং পররাষ্ট্রমন্ত্রীর পরিচালক ও স্টাফ অফিসার হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

আরেক বাংলাদেশি কর্মকর্তা মো. রফিকুল আলম মোল্লা কান্ট্রিজ ইন স্পেশাল নিডস টিমে সিনিয়র অ্যাডভাইজার হিসেবে রয়েছেন। তিনি নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয় প্রতিষ্ঠার প্রস্তুতি ও রূপান্তর প্রক্রিয়ায় কাজ করেছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, নিরস্ত্রীকরণ ও জাতিসংঘ সংস্কারসহ বিভিন্ন বহুপক্ষীয় ইস্যুতেও তার কাজের অভিজ্ঞতা রয়েছে।

শেয়ার করুন