দেশের প্রতিটি ইউনিয়নের হাট ও বাজারে আগামী ৩১ জানুয়ারি ২০২৭-এর মধ্যে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন বাধ্যতামূলক করেছে স্থানীয় সরকার বিভাগ। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে গত ২৪ সেপ্টেম্বর দেশের সব উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে। টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ও নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে।
নির্দেশনা অনুযায়ী, প্রতিটি হাট ও বাজারের স্থায়ী শেড এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্মিত বহুতল ভবনের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল বসাতে হবে। উৎপাদিত বিদ্যুৎ দিয়ে ওইসব বাজারের নিজস্ব চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত বিদ্যুৎ নেট মিটারিং পদ্ধতিতে জাতীয় গ্রিডে সরবরাহ করতে হবে। নতুন এ নীতিমালার আওতায় গ্রিডে সরবরাহকৃত প্রতি ইউনিট বিদ্যুতের বিনিময়ে ১০ টাকা ৫০ পয়সা করে পাওয়া যাবে, যা স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর রাজস্ব আয় বৃদ্ধিতে সহায়তা করবে। এসব ব্যবস্থায় অবশ্যই ন্যূনতম দুই ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ সুবিধা থাকতে হবে।
সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের জন্য আর্থিক সংস্থানের বিষয়েও নির্দেশনায় স্পষ্ট উল্লেখ রয়েছে। ‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিধিমালা, ২০২৫’-এর বিধি ১০-এর (ঙ) ও (চ) অনুযায়ী, হাট-বাজারের ইজারালব্ধ আয়ের মোট ২০ শতাংশ অর্থ রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের জন্য বরাদ্দ থাকে। এই তহবিল ব্যবহার করেই সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও এর বাণিজ্যিক সম্প্রসারণের কাজ সম্পন্ন করতে বলা হয়েছে।
প্রকল্পের দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিশ্চিত করতে কঠোর নজরদারি ও রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, সৌরবিদ্যুৎ প্যানেল সরবরাহ ও স্থাপনকারী প্রতিষ্ঠানের সঙ্গে পরবর্তী ২০ বছরের জন্য মেরামত ও রক্ষণাবেক্ষণ চুক্তি করতে হবে। এই চুক্তি অবশ্যই নন-জুডিসিয়াল স্ট্যাম্পে সম্পন্ন করতে হবে। এছাড়া, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দাপ্তরিক মূল ভবনগুলোতেও ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এই কাজ সম্পন্ন করা বাধ্যতামূলক বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।





