ঢাকায় পুলিশ সদরদপ্তরে দায়িত্বরত এসআই মো. আসাদুজ্জামান ছুটিতে বাড়ি ফিরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। শনিবার সন্ধ্যায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরিবার ও স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ছুটি কাটিয়ে গ্রামে ফেরার পর সন্ধ্যায় বিদ্যুৎ বিভ্রাটের সময় আইপিএস মেরামতের কাজ করছিলেন তিনি। হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেঝেতে পড়ে গেলে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





