বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নিউ কলেজ থেকে পদার্থবিজ্ঞানে বিএ অনার্স ডিগ্রি অর্জন করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত সাইমুর মুজিব রহমান। গত ২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ডিগ্রি প্রদান অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। অক্সফোর্ডের প্রাচীন রীতি অনুসরণ করে অনুষ্ঠানের ডিগ্রি প্রদান পর্বটি ল্যাটিন ভাষায় পরিচালিত হয়েছিল। সাইমুর তার অনার্সে ৬৭ শতাংশ নম্বর অর্জন করেছেন। এছাড়া তিনি প্রফেসর স্টিফেন টাকারের তত্ত্বাবধানে বিএ প্রজেক্ট ও বিএ গ্রুপ প্রজেক্টের জন্য বিশ্ববিদ্যালয় থেকে দুটি স্বতন্ত্র পুরস্কার লাভ করেছেন। অনুষ্ঠানের শুরুতে প্রো-ভাইস চ্যান্সেলরের বক্তব্য ইংরেজিতে হলেও পরবর্তী আনুষ্ঠানিক ডিগ্রি প্রদান পর্বটি প্রাচীন একাডেমিক ঐতিহ্য অনুসারে ল্যাটিন ভাষায় পরিচালিত হয়।
শিক্ষাজীবনে সাইমুর লন্ডনের ‘লন্ডন একাডেমি অব এক্সসেলেন্স’ থেকে পদার্থবিজ্ঞান, গণিত, উচ্চতর গণিত এবং রসায়ন বিষয়ে ‘এ স্টার’সহ এ লেভেল সম্পন্ন করেছেন। এ লেভেলে তার ইপিকিউ (EPIC) টপিক ছিল ‘টু হোয়াট এক্সটেন্ট ক্যান কোয়ান্টাম কম্পিউটিং এফেক্ট দ্য ওয়ার্ল্ড, ইকোনোমিক্যালি, এনভারমেন্টালি অ্যান্ড সোস্যালি’, যেখানেও তিনি ‘এ স্টার’ পেয়েছিলেন। অক্সফোর্ডে পড়ার সময় তিনি ওকিনাওয়া ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্টার্লিং টেক কোম্পানি এবং জেফ্রিজ ফাইন্যান্সিয়াল গ্রুপ ইনকর্পোরেটেড-এ ইন্টার্নশিপ করেছেন। বর্তমানে তিনি লন্ডনে জেফরিজ ফাইন্যান্সিয়াল গ্রুপে পেশাগত জীবন শুরু করেছেন। ইতিমধ্যেই লন্ডনে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বৈশ্বিক ইনভেস্টমেন্ট ব্যাংকিং ও ফিনান্সিয়াল সার্ভিসেস প্রতিষ্ঠান জেফরিজ ফাইন্যান্সিয়াল গ্রুপ ইনকর্পোরেটেড-এ পেশাগত কর্মজীবন শুরু করেছেন সাইমুর।
সাইমুরের বাবা ড. এম. মুজিবুর রহমান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক। তিনি যুক্তরাজ্যের ব্রিস্টল ইউনিভার্সিটি থেকে রসায়নে পিএইচডি সম্পন্ন করেছেন এবং বাথ ও নটিংহাম ইউনিভার্সিটিতে পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলো হিসেবে কাজ করেছেন। তিনি বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ‘জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ’ (এনএসডিএ)-এর সদস্য (গ্রেড-২) হিসেবে কর্মরত আছেন। সাইমুরের মা সাবিনা ইয়াসমীন বখত একজন রসায়নবিদ এবং ইউকে সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করছেন। গত বছর বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া সাইমুরের বিয়েতে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত হয়ে নবদম্পতিকে আশীর্বাদ করেছিলেন। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশে ‘জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ’ (ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি-এনএসডিএ)-এর সদস্য (গ্রেড-২) পদে নিয়োগ পেয়েছেন।





