ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে ঘাম ঝরিয়ে কোনোমতে টিকে রইলেন শীর্ষ বাছাই আলেকজান্ডার জভেরেভ। নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে ফরাসি তারকা কুয়েন্টিন হ্যালিসের বিপক্ষে দীর্ঘ চার ঘণ্টা ৩৩ মিনিটের ম্যারাথন লড়াইয়ে নামেন এই জার্মান তারকা। রোমাঞ্চকর এই ম্যাচে ৬-৪, ৪-৬, ৭-৬ (৭/৩), ৬-৭ (৩/৭), ৬-৩ সেটে জয় তুলে নেন তিনি। ম্যাচটি শেষ হতে স্থানীয় সময় রাত সোয়া ২টা বেজে গিয়েছিল। এর আগে প্রথম রাউন্ডেও তাকে পাঁচ সেটের দীর্ঘ লড়াই করতে হয়েছিল। টানা দুই ম্যাচে এমন কষ্টার্জিত জয়ের পর নিজের পারফরম্যান্স নিয়ে জভেরেভ বলেন, ‘সত্যি বলতে পারফরম্যান্স বেশ বাজে ছিল। তবে আমি জিতেছি-এটিই সবচেয়ে বড় কথা।’
নিজের শারীরিক অবস্থা নিয়ে তিনি আরও জানান, শারীরিকভাবে তিনি ঠিক আছেন এবং শক্তিশালী হওয়াটা তার জন্য গর্বের বিষয়। জভেরেভ বলেন, ‘আমি এখন বাজেভাবে জিতছি। যখন আপনি দারুণ টেনিস খেলতে পারছেন না, তখন কষ্ট করে জেতাটাও একটা বিশেষ দক্ষতা। আমি মনে করি আমি সেটা এখন আয়ত্ত করে ফেলেছি। আমি শুধু আশা করি একসময় আমি আরও ভালো টেনিস খেলা শুরু করতে পারব।’
টুর্নামেন্টে বড় অঘটনের শিকার হয়ে বিদায় নিয়েছেন চতুর্থ বাছাই ফেলিক্স অগার-আলিয়াসিমে, সপ্তম বাছাই অ্যালেক্স ডি মিনাউর এবং লোরেনজো মুসেত্তির মতো তারকারা। কানাডিয়ান তারকা অগার-আলিয়াসিমে শারীরিক অসুস্থতার কারণে রাশিয়ার কারেন খাচানভের কাছে ৬-৭ (৫/৭), ৬-৩, ৬-২, ৬-২ সেটে হেরে বিদায় নেন। খাচানভ বলেন, ‘আমার মনে হয়েছিল তার হয়তো কিছু শারীরিক সমস্যা ছিল। এটি আমাদের খেলারই একটা অংশ। আমার দিক থেকে আমি আমার সেরা পারফরম্যান্স, লড়াই এবং প্রচেষ্টা দেয়ার চেষ্টা করেছি।’
নারী এককের তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন কোকো গফ, ইগা শিয়নটেক এবং নাওমি ওসাকা। পাউলা বাডোসাকে হারিয়ে বর্তমান চ্যাম্পিয়ন কোকো গফ বলেন, ‘আমার মনে হয় আত্মবিশ্বাস বাড়াতে আমার এ ধরনের ম্যাচের প্রয়োজন আছে।’
এদিকে দীর্ঘ ২০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টেনে গ্র্যান্ড স্লামকে বিদায় জানিয়েছেন ৪০ বছর বয়সী ফরাসি তারকা গায়েল মনফিস। দর্শকদের উদ্দেশে আবেগঘন বিদায় বার্তায় তিনি বলেন, ‘যাত্রাটা দীর্ঘ ছিল। আপনারা আমার দ্বিতীয় সেরা দর্শক। অবশ্যই প্যারিসের সমকক্ষ কেউ হতে পারে না, তবে আপনারা ঠিক তার পরেই আছেন!’





