সার্বিয়ায় ঐতিহাসিক সফরে গেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

প্রকাশ:

রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত সার্বিয়ায় প্রথমবারের মতো সরকারি সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর এটিই তার প্রথম সার্বিয়া সফর। ইউরোপে মস্কোর ঘনিষ্ঠ মিত্র হিসেবে সার্বিয়ার অবস্থান বিবেচনায় জেলেনস্কির এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সফরের মূল লক্ষ্য হিসেবে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের পাশাপাশি নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ইউক্রেনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, জেলেনস্কির এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো সার্বিয়াকে রাশিয়ার প্রভাববলয় থেকে দূরে নিয়ে আসা এবং এর মাধ্যমে বেলগ্রেডের সঙ্গে কিয়েভের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার চেষ্টা করা।

সার্বিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, প্রেসিডেন্সিয়াল প্রাসাদে জেলেনস্কি ও সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুচিচের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে দুই নেতা যৌথ সংবাদ সম্মেলনেও বক্তব্য দেবেন।

তবে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর আরোপ করা নিষেধাজ্ঞায় যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে আবারও স্পষ্ট করেছেন প্রেসিডেন্ট ভুচিচ। তার মতে, এ বিষয়ে সার্বিয়ার অবস্থানে কোনো পরিবর্তন আসেনি এবং বর্তমান নীতিই অব্যাহত থাকবে। যদিও সার্বিয়া রাশিয়ার ইউক্রেন আক্রমণের নিন্দা জানিয়েছে, কিন্তু মস্কোর বিরুদ্ধে কোনো অর্থনৈতিক বা কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেনি। বেলগ্রেডের এই অবস্থান দেশটির ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের প্রক্রিয়াকে জটিল ও দীর্ঘায়িত করছে এবং পশ্চিমা দেশগুলোর মধ্যেও এ নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে।

শেয়ার করুন