জকিগঞ্জে বসতঘর থেকে মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশ:

সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের বুরহানপুর গ্রামের দাশপাড়া থেকে এক নারী ও তাঁর চার বছর বয়সী মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিজ বসতঘর থেকে তাঁদের মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন চম্পা রাণী দাস (৩৫) এবং তাঁর চার বছর বয়সী মেয়ে হৃদি দাস। চম্পা রাণী দাস শাহগলী বাজারের জুয়েলারি ব্যবসায়ী রতন দাসের স্ত্রী। রতন দাসের চাচাতো ভাই সজল দাস জানান, বাড়ির একটি কক্ষ থেকে মা ও মেয়ের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। তবে ঠিক কী কারণে তাঁদের এমন মৃত্যু হয়েছে, তা তাঁরা বুঝতে পারছেন না।

বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

শেয়ার করুন