৪৮ দলের লড়াই শেষে বিশ্বকাপ এখন আট দলের লড়াইয়ে রূপ নিয়েছে। এক দিনের বিরতি শেষে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত থেকে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের উত্তেজনাপূর্ণ ম্যাচগুলো। তবে শেষ আটের এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে নামার আগে অন্তত ১৮ জন ফুটবলার বড় ধরনের দুশ্চিন্তায় রয়েছেন। কোয়ার্টার ফাইনালে একটি হলুদ কার্ড দেখলেই সেমিফাইনালের টিকিট পেলেও মাঠের লড়াই থেকে ছিটকে পড়ার শঙ্কায় রয়েছেন তারা।
সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ইংল্যান্ড ও মরক্কো দল। এই দুই দলেরই চারজন করে ফুটবলার নকআউট পর্বে একটি করে হলুদ কার্ড দেখেছেন। এছাড়া ফ্রান্স ও সুইজারল্যান্ডের তিনজন করে, আর আর্জেন্টিনা, স্পেন, বেলজিয়াম ও নরওয়ের একজন করে খেলোয়াড়ও একই ঝুঁকির মুখে রয়েছেন। তবে আট দলের মধ্যে কলম্বিয়ার খেলোয়াড়দের ক্ষেত্রে এমন কোনো ঝুঁকির শঙ্কা নেই।
প্রথমবারের মতো ৪৮ দলের বিশ্বকাপে একটি অতিরিক্ত নকআউট পর্ব যোগ হওয়ায় হলুদ কার্ডের নিয়মে পরিবর্তন আনা হয়েছে। নকআউট পর্ব শুরুর আগে গ্রুপ পর্বের সব হলুদ কার্ড বাতিল বা রিসেট করা হয়েছিল। তবে শেষ ৩২ ও শেষ ষোলোর ম্যাচে যারা একটি করে হলুদ কার্ড পেয়েছেন, তারা এখন নিষেধাজ্ঞার ঝুঁকিতে রয়েছেন। কোয়ার্টার ফাইনালে আরেকটি হলুদ কার্ড পেলে তারা স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়বেন। কোনো খেলোয়াড় গুরুতর অপরাধ করলে ফিফার ডিসিপ্লিনারি কমিটি তাদের ওপর অতিরিক্ত শাস্তি আরোপের ক্ষমতাও রাখে।
ইংল্যান্ড: জুড বেলিংহ্যাম, নিকো ও’রাইলি, ডেক্লান রাইস ও মার্ক গেয়ি।
মরক্কো: ইসা দিওপ, আশরাফ হাকিমি, রেদোয়ান হালহাল ও বিলাল এল খানুস।
ফ্রান্স: মানু কোনে, মাইকেল ওলিসে ও ব্রাডলি বারকোলা।
সুইজারল্যান্ড: গ্রানিত জাকা, ডেনিস জাকারিয়া ও মিরো মুহাইম।




