মিশরের বিপক্ষে ম্যাচে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা। এমন নাটকীয় জয়ের পর আবেগ ধরে রাখতে পারেননি লিওনেল মেসি, আর তার এই আবেগ স্পর্শ করেছে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিকেও। সাধারণত ফুটবল মাঠে স্কালোনিকে খুব একটা আবেগি দেখা যায় না। গোল খাওয়ার পর বা দলের পারফরম্যান্সে তিনি বেশ নিরাসক্ত থাকেন এবং কৌশলী পরিবর্তনের দিকেই বেশি মনোযোগ দেন।
তবে এই ম্যাচ শেষে স্কালোনি নিজের চরিত্রের এক অজানা দিক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, আদতে তিনি খুবই আবেগপ্রবণ মানুষ। এমনকি ড্রেসিংরুমে খেলোয়াড়রা তাকে মজার ছলে ‘কাঁদুনে বাবু’ ডাকনামে ডেকে থাকেন। স্কালোনি বলেন, ‘আমি সবসময়ই আবেগপ্রবণ হয়ে যাই। কখনো কখনো চোখ দিয়ে পানি পড়ে। আজও ড্রেসিংরুমে আমার চোখে পানি এসেছিল। ছেলেরা আমাকে কাঁদুনে বাবু বলে ডাকে, তবে এতে আমার কিছু আসে যায় না।’
কোচ হিসেবে এই অনুভূতিকে তিনি নিজের খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতার সাথে তুলনা করেছেন। স্কালোনি বলেন, ‘আমরা যারা দীর্ঘ ২০ বছর ফুটবল খেলেছি, তাদের জন্য আজকের মতো অনুভূতি পুনরায় ফিরে পাওয়া অবিশ্বাস্য। আমার মনে হয়, যারা ফুটবল খেলেছেন তাদের বেশিরভাগই কোচ হন মূলত এমন দিনগুলোর জন্যই, এই আবেগ আর উত্তেজনার জন্যই।’





