শেখ হাসিনার ভারত যাত্রার পাইলটরা এখন কোথায় কর্মরত

প্রকাশ:

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ঘটনাটি এখনো জনমনে নানা কৌতুহলের জন্ম দিচ্ছে। বিশেষ করে গণভবন থেকে কুর্মিটোলা বিমানঘাঁটি হয়ে ভারতের দিল্লির হিন্দন বিমানঘাঁটি পর্যন্ত যাত্রাপথে কোন পাইলটরা দায়িত্ব পালন করেছিলেন এবং তারা বর্তমানে কোথায় কর্মরত, তা নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে। তবে এ বিষয়ে বাংলাদেশ সরকার, সশস্ত্র বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন বা তথ্য প্রকাশ করা হয়নি।

সামরিক সূত্রের তথ্য অনুযায়ী, গণভবন থেকে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে বহনকারী বিমানবাহিনীর এমআই-১৭ হেলিকপ্টারের পাইলট ছিলেন এয়ার কমোডর আব্বাস এবং কো-পাইলট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন গ্রুপ ক্যাপ্টেন রায়হান কবির। বিকেল তিনটার দিকে হেলিকপ্টারটি কুর্মিটোলা এয়ার বেইজে অবতরণ করে। বর্তমানে গ্রুপ ক্যাপ্টেন রায়হান কবির বাশার এয়ার বেইজে ওসি (অ্যাডমিন) হিসেবে কর্মরত আছেন।

কুর্মিটোলা বিমানঘাঁটিতে আগে থেকেই ইঞ্জিন চালু অবস্থায় একটি সি-১৩০ জুলিয়েট সামরিক পরিবহণ বিমান প্রস্তুত রাখা হয়েছিল। শেখ হাসিনা সেখানে ওঠার পর বিমানটি ভারতের উদ্দেশে রওনা দেয়। সূত্র জানায়, এই পরিবহণ বিমানের পাইলট ছিলেন এয়ার কমোডর শামীম রেজা এবং কো-পাইলট ছিলেন উইং কমান্ডার মাহফুজ। বিমানটি ৫ আগস্ট সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে দিল্লির উপকণ্ঠে হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করে।

নিরাপত্তা কৌশলের অংশ হিসেবে উড্ডয়নের সময় বিমানের ট্রান্সপন্ডার বন্ধ রাখা হয়েছিল এবং প্রচলিত রুটের পরিবর্তে বিকল্প পথ ব্যবহার করে বিমানটি ভারতের আকাশসীমায় প্রবেশ করে। পরবর্তীতে কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করা হয়। শেখ হাসিনাকে নিরাপদে ভারতে পৌঁছে দেওয়ার পর বিমানটি ক্রু ও নিরাপত্তাকর্মীদের নিয়ে ঢাকায় ফিরে আসে। পরবর্তীতে পাইলট এয়ার কমোডর শামীম রেজাকে দীর্ঘমেয়াদি সামরিক কোর্সে অংশ নিতে ফিলিপাইনে পাঠানো হয়েছে এবং কো-পাইলট উইং কমান্ডার মাহফুজ বর্তমানে বিমানবাহিনীর গোয়েন্দা পরিদপ্তরে কর্মরত রয়েছেন।

শেয়ার করুন