ফৌজদারি মামলায় অভিযুক্ত বিধায়কের সংখ্যায় শীর্ষে পশ্চিমবঙ্গ

প্রকাশ:

ফৌজদারি মামলার নিরিখে দেশের সব রাজ্যের মধ্যে শীর্ষস্থানে উঠে এসেছে পশ্চিমবঙ্গ। সুপ্রিম কোর্টে পেশ করা আদালত বান্ধব (অ্যামিকাস কিউরি) বিজয় হংসরিয়ার রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গের ২৯৪ জন বিধায়কের মধ্যে ১৭০ জনই বিভিন্ন ফৌজদারি মামলায় অভিযুক্ত, যা রাজ্যের মোট বিধায়কের ৫৮ শতাংশ। একইসঙ্গে রাজ্যের ৪২ জন লোকসভা সাংসদের মধ্যে ১৬ জনের বিরুদ্ধেও ফৌজদারি মামলা রয়েছে।

মুখ্যমন্ত্রীদের মধ্যে ফৌজদারি মামলায় অভিযুক্তদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা তথা বিধায়ক শুভেন্দু অধিকারী। তার বিরুদ্ধে মোট ২৯টি মামলা রয়েছে। এই তালিকায় সবার উপরে রয়েছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, যার বিরুদ্ধে ৮৯টি মামলা রয়েছে। তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু, যাদের বিরুদ্ধে ১৯টি করে মামলা রয়েছে।

তালিকায় থাকা অন্যান্য মুখ্যমন্ত্রীদের মধ্যে কেরলের ভিডি সতীশনের বিরুদ্ধে ১৮টি, ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন ও মহারাষ্ট্রের দেবেন্দ্র ফডণবীসের বিরুদ্ধে পাঁচটি করে মামলা রয়েছে। এছাড়াও হিমাচল প্রদেশের সুখবিন্দর সিংয়ের বিরুদ্ধে চারটি, তামিলনাড়ুর সি জোসেফ বিজয় এবং বিহারের সম্রাট চৌধুরীর বিরুদ্ধে দুটি করে মামলা রয়েছে। সিকিমের প্রেম সিং তামাং, পাঞ্জাবের ভগবন্ত মান, ওড়িশার মোহনচরণ মাঝি এবং রাজস্থানের ভজনলাল শর্মার বিরুদ্ধে একটি করে মামলা রয়েছে।

বিধায়কদের ফৌজদারি মামলার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে কেরল, যেখানে ৫৭ জন বিধায়ক অভিযুক্ত। এরপর রয়েছে অন্ধ্রপ্রদেশ (৫৬ জন), তেলঙ্গানা (৪৯ জন), এবং ঝাড়খণ্ড ও ওড়িশা (উভয় রাজ্যে ৪৫ জন করে)। এছাড়া জাতীয় পর্যায়ে ৫৪৩ জন লোকসভা সাংসদের মধ্যে ২৫১ জন এবং ২৩৩ জন রাজ্যসভা সাংসদের মধ্যে ৭৫ জন ফৌজদারি মামলায় অভিযুক্ত বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন