বিশ্বকাপে নৈপুণ্য দেখিয়ে নতুন প্রজাতির সামুদ্রিক প্রাণীর নামে ভোজিনিয়া

প্রকাশ:

২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দের ঐতিহাসিক যাত্রার অন্যতম নায়ক গোলরক্ষক ভোজিনিয়া এবার পেলেন এক অনন্য স্বীকৃতি। বিশ্বকাপে তার দুর্দান্ত পারফরম্যান্সের সম্মান জানিয়ে নতুন আবিষ্কৃত একটি সামুদ্রিক প্রাণীর নাম রাখা হয়েছে ‘অ্যালডিসা ভোজিনিয়া’। ক্যারিবীয় সাগরে গবেষণার সময় জীববিজ্ঞানী জেসুস অর্তেয়া উজ্জ্বল লাল রঙের ক্ষুদ্র এই প্রাণীটি খুঁজে পান।

গবেষণা প্রতিবেদনে অর্তেয়া জানিয়েছেন, বিশ্বকাপে ভোজিনিয়ার অনুপ্রেরণাদায়ক অবদানকে অমর করে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাণীটির লাল রঙের পেছনেও রয়েছে বিশেষ প্রতীকী অর্থ; এটি স্পেন জাতীয় দলের ডাকনাম ‘লা রোহা’ বা ‘লাল’-এর সঙ্গে সম্পর্কিত। মূলত স্পেনের বিপক্ষে ভোজিনিয়ার ঐতিহাসিক পারফরম্যান্সের স্মৃতি স্মরণ করতেই এই রঙের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

ইতিহাসের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে বিশ্বকাপে জায়গা পাওয়া কেপ ভার্দে টুর্নামেন্টে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে নিজেদের প্রথম পয়েন্ট অর্জন করেছিল। এরপর শেষ ৩২-এর লড়াইয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে অতিরিক্ত সময় পর্যন্ত লড়াই করে ৩-২ ব্যবধানে হেরে বিদায় নেয় দলটি।

স্পেনের বিপক্ষে সেই ম্যাচে ভোজিনিয়ার অবিশ্বাস্য নৈপুণ্য বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মুগ্ধ করে। এর ফলে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা মাত্র কয়েক দিনের ব্যবধানে ৫০ হাজার থেকে বেড়ে প্রায় ১ কোটি ৭৪ লাখে উন্নীত হয়।

উল্লেখ্য, ফুটবলপ্রেমী জীববিজ্ঞানী জেসুস অর্তেয়া এর আগেও ক্রীড়াঙ্গনের তারকাদের নামে প্রাণীর নামকরণ করেছেন। এর আগে তিনি কোস্টারিকার গোলরক্ষক কিলোর নাভাস এবং স্পেনের স্ট্রাইকার কিনির নামে নতুন প্রজাতির নামকরণ করেছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক ভোজিনিয়া।

শেয়ার করুন