বরিশাল অঞ্চলকে কেবল একটি 'শস্যভাণ্ডার' হিসেবে সীমাবদ্ধ না রেখে, দক্ষিণ বাংলার মূল অর্থনৈতিক প্রবেশদ্বার ও আধুনিক অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলার দাবি উঠেছে। শুক্রবার বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিডিজেজি) উদ্যোগে আয়োজিত “আগামী বরিশাল: সংকট, সম্ভাবনা ও করণীয়” শীর্ষক জাতীয় সেমিনারে ২০ থেকে ৩০ বছর মেয়াদি ‘ভিশন বরিশাল-২০৫০’ গ্রহণের রূপরেখা তুলে ধরা হয়।
সেমিনারে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের শীর্ষ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিডিজেজির উপদেষ্টা ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মোস্তফা আকমল মূল প্রবন্ধ উপস্থাপন করেন। প্রবন্ধে উল্লেখ করা হয়, দেশের মোট উৎপাদিত ইলিশের ৬৫ থেকে ৭০ শতাংশ আসে বরিশাল বিভাগ থেকে এবং প্রায় ১২ শতাংশ মানুষ মৎস্য খাতের ওপর নির্ভরশীল। এছাড়া দেশের ১৫ শতাংশ অভ্যন্তরীণ পর্যটক প্রতিবছর কুয়াকাটা, ভাসমান পেয়ারা বাজার ও সুন্দরবন ভ্রমণ করেন। তবে সমন্বিত মাস্টারপ্ল্যানের অভাবে জাতীয় অর্থনীতিতে শিল্প খাতের অবদান ৩০ শতাংশের বেশি হলেও বরিশালে তা ২ শতাংশের কম। এছাড়া মূলধনের সংকট, জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা এবং উপকূলীয় অঞ্চলের ২ লাখ ৮৬ হাজার হেক্টর জমিতে লবণাক্ততার কারণে ধানের উৎপাদন ১৫ শতাংশ পর্যন্ত কমে যাওয়ার ঝুঁকি রয়েছে।
এই সংকট উত্তরণে বিডিজেজির পক্ষ থেকে ১০ দফা কৌশলগত সুপারিশ পেশ করা হয়। এর মধ্যে রয়েছে উপকূলীয় উন্নয়ন মন্ত্রণালয় গঠন, ঢাকা-পদ্মা সেতু-বরিশাল-পটুয়াখালী-পায়রা রেল সংযোগ চালু এবং ঢাকা-কুয়াকাটা সড়ক ৬ লেনে উন্নীত করা। এছাড়া পায়রা গভীর সমুদ্রবন্দরকে কেন্দ্র করে লজিস্টিক হাব ও প্রসেসিং অঞ্চল গড়ে তোলা, ধান-মাছ-পেয়ারা ও আমড়ার ভ্যালু চেইনে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, দীর্ঘমেয়াদি ডেল্টা মাস্টারপ্ল্যান গ্রহণ, ব্লু-ইকোনমি সম্প্রসারণ এবং ট্যুরিজম সার্কিট তৈরির প্রস্তাব রাখা হয়েছে। একইসঙ্গে তরুণদের জন্য আইটি হাব ও কারিগরি প্রশিক্ষণ, বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা এবং বরিশাল বিশ্ববিদ্যালয়কে আঞ্চলিক উন্নয়ন ও জলবায়ু গবেষণা কেন্দ্রে রূপান্তরের সুপারিশ করা হয়েছে। ভিশন-২০৫০ বাস্তবায়নে একটি স্বায়ত্তশাসিত সংস্থা গঠনের কথাও বলা হয়েছে।
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, বরিশালে প্রচুর পানি থাকা সত্ত্বেও তা কাজে লাগানো সম্ভব হয়নি, তাই শক্তিশালী কর্মপরিকল্পনা প্রয়োজন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ দক্ষ জনশক্তি ও ভালো নেতৃত্ব তৈরির ওপর গুরুত্বারোপ করেন। নৌপ্রতিমন্ত্রী রাজিব আহসান সমন্বয়ের ঘাটতি দূর করে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান জানান। গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এলাকাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত রাখার ওপর জোর দেন। সেমিনারে সভাপতিত্ব করেন বিডিজেজি সভাপতি মাহবুব সৈকত এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সানবীর রুবেল ও কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী জেবেল। বক্তারা আশা প্রকাশ করেন, আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস ও সরকারি-বেসরকারি যৌথ বিনিয়োগ নিশ্চিত করা গেলে বরিশাল অঞ্চল দেশের প্রবৃদ্ধির নতুন অনুঘটক হবে।





