ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৩৪২ জন

প্রকাশ:

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে তিন হাজার ৩৪২ জনে দাঁড়িয়েছে। সরকারি সূত্র ও উদ্ধারকারী দলের দেওয়া তথ্য অনুযায়ী, এই প্রাকৃতিক বিপর্যয়ে অন্তত ১৬ হাজার ৭০০ জন বাসিন্দা গুরুতর আহত হয়েছেন। ধসে পড়া হাজার হাজার ঘরবাড়ি ও বহুতল ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের জীবিত উদ্ধারে ফায়ার সার্ভিস ও সামরিক বাহিনী দিনরাত নিরলসভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

সোমবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ জুন দক্ষিণ আমেরিকার দেশটিতে ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। দেশটির তথ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৯৯৫টি আফটারশক অনুভূত হয়েছে।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লা গুয়াইরা অঞ্চল। মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে উদ্ধার করা হয়েছে। বিপর্যয়ে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অন্তত ১৯০টি স্থাপনা পুরোপুরি ধসে পড়েছে। ভূমিকম্পের পর থেকে ১৭ হাজার ৩৪৫ জন বাসিন্দা গৃহহীন হয়ে পড়েছেন এবং ৮৬ হাজার ৭৯৪টি পরিবারকে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে।

ত্রাণ ও চিকিৎসা কার্যক্রমে ব্যাপক উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত ৯ হাজার ৫৮৫ টন খাদ্য এবং ৬ লাখ ৬৯ হাজার ৮ লিটার পানি বিতরণ করা হয়েছে। এছাড়া ২৩ হাজার ৮২০ জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে এবং দুর্গতদের জন্য ৭৯টি অস্থায়ী শিবির স্থাপন করা হয়েছে। রোববার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, গত মাসে আঘাত হানা এই শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে।

শেয়ার করুন