চলতি ফুটবল বিশ্বকাপে রেফারি ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআরের (VAR) সিদ্ধান্তগুলো নিয়ে ফুটবল বিশ্বে ব্যাপক আলোচনা চলছে। বিশেষ করে আর্জেন্টিনার ম্যাচে নেওয়া সিদ্ধান্তগুলো নিয়ে সমালোচনার মুখে পড়েছে ফিফা। অনেকের মতে, লিওনেল মেসিদের বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। এই বিতর্কের মাঝে নর্থইস্টার্ন গ্লোবাল নিউজ গ্রুপপর্ব থেকে শেষ ষোলো পর্যন্ত ম্যাচগুলোর ওপর ভিত্তি করে প্রতি ১০০ ফাউলে ভিএআর হস্তক্ষেপের হারের একটি পরিসংখ্যান প্রকাশ করেছে।
বিশ্লেষণ অনুযায়ী, ভিএআরের সিদ্ধান্তে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো। তাদের পক্ষে ৭.৮ শতাংশ সিদ্ধান্ত গিয়েছে এবং তাদের বিপক্ষে কোনো সিদ্ধান্ত যায়নি। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার পক্ষে গিয়েছে ৬.৭ শতাংশ সিদ্ধান্ত, যাদের বিপক্ষেও কোনো সিদ্ধান্ত যায়নি। ৪.৬ শতাংশ সুবিধা নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পর্তুগাল, যাদের বিপক্ষেও ভিএআর কোনো সিদ্ধান্ত দেয়নি।
অন্যদিকে, ভিএআরের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্রোয়েশিয়া। রাউন্ড অফ ৩২-এ পর্তুগালের বিপক্ষে শেষ মুহূর্তে একটি গোল ভিএআরের মাধ্যমে বাতিল হওয়ায় লুকা মদ্রিচদের বিদায় নিতে হয়। পরিসংখ্যান বলছে, ক্রোয়েশিয়ার বিপক্ষে ৬.৫ শতাংশ সিদ্ধান্ত গিয়েছে এবং তাদের পক্ষে কোনো সিদ্ধান্ত আসেনি। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইরানের বিপক্ষে গিয়েছে ৫.৪ শতাংশ সিদ্ধান্ত, যাদের পক্ষেও কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি।



