অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে: ঢাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর

প্রকাশ:

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর তিন দিনের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পৌঁছেছেন। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকটি শুরু হয় সন্ধ্যা ছয়টার পর, যেখানে উভয় দেশের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনার এক পর্যায়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্জিও গর প্রায় ২০ মিনিট একান্তে কথা বলেন।

মার্কিন ধনকুবের সার্জিও গর বর্তমানে ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক বিশেষ দূতের দায়িত্ব পাওয়ার পর এটিই তার প্রথম বাংলাদেশ সফর। বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করতে পেরে তিনি আনন্দিত। তিনি আরও উল্লেখ করেন যে, এই ক্ষেত্রে অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে।

ঢাকায় পৌঁছানোর পর বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে সার্জিও গরকে স্বাগত জানান। রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন আশা প্রকাশ করেন যে, এই সফর দুই দেশের কৌশলগত অংশীদারত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে। বিএনপি সরকার ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর সার্জিও গর ওয়াশিংটন থেকে সফরকারী তৃতীয় জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা। এর আগে মার্চে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং মে মাসে সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ বাংলাদেশ সফর করেছেন।

কূটনৈতিক সূত্রগুলোর মতে, এই সফরে বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার, কৌশলগত অবস্থান এবং ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে। বিশেষ করে জুন মাসে প্রধানমন্ত্রীর চীন ও মস্কো সফর এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের প্রেক্ষাপটে বাংলাদেশের কৌশলগত অবস্থান নিয়ে আন্তর্জাতিক মহলের আগ্রহের বিষয়টিও আলোচনায় উঠে আসতে পারে। প্রয়োজনবোধে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বার্তাও বাংলাদেশের নেতৃত্বের কাছে পৌঁছে দিতে পারেন।

সফরের অংশ হিসেবে শুক্রবার মার্কিন দূত কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি সরেজমিন পর্যবেক্ষণ করবেন। সফরের শেষ দিন শনিবার তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

শেয়ার করুন