বাধ্যতামূলক শ্রম বা ফোর্সড লেবার নিষেধাজ্ঞা কার্যকরে শিথিলতার অভিযোগ এনে বাংলাদেশসহ ৬০টি বাণিজ্য অংশীদার দেশের পণ্যের ওপর নতুন করে ১০ শতাংশ ও ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত শুক্রবার (২৪ জুলাই) থেকে এই নতুন শুল্ক কার্যকর করা হয়েছে। একই সময়ে ট্রাম্প প্রশাসনের অধীনে গত ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্টের রায়ের পর যে অস্থায়ী ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপ করা হয়েছিল, তার মেয়াদ শেষ হয়েছে।
বৃহস্পতিবার ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এক নোটিশের মাধ্যমে এই শুল্কের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের মোট আমদানির প্রায় ৯৯ দশমিক ৪ শতাংশই এই নতুন শুল্কের আওতায় পড়বে। তবে তেল, গ্যাস, সার এবং কিছু খাদ্যপণ্যকে এই শুল্কের আওতামুক্ত রাখা হয়েছে। ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের সেকশন ৩০১-এর অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসনের দাবি, অতীতের বিভিন্ন আইনি চ্যালেঞ্জে সেকশন ৩০১ টিকে যাওয়ায় এই নতুন শুল্ক তুলনামূলক কম আইনি ঝুঁকির মুখে থাকবে এবং সুপ্রিম কোর্টের রায়ের পরও আমদানির ওপর একটি ন্যূনতম শুল্ক ধরে রাখা সম্ভব হবে।
নতুন এই শুল্ক ব্যবস্থা শুক্রবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় রাত ১২টা ১ মিনিট থেকে কার্যকর হয়েছে। তবে ২৮ জুলাই পূর্বাঞ্চলীয় সময় রাত ১২টা ১ মিনিট পর্যন্ত যে পণ্যগুলো পরিবহনের প্রক্রিয়ায় থাকবে, সেগুলো এই শুল্কের আওতা থেকে অব্যাহতি পাবে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এক বিবৃতিতে জানান, প্রায় এক শতাব্দী ধরে বাধ্যতামূলক শ্রমে উৎপাদিত পণ্যের আমদানি নিষিদ্ধ করার নীতি কঠোরভাবে বাস্তবায়ন করছে যুক্তরাষ্ট্র। এখন সময় এসেছে বাণিজ্য অংশীদাররাও একই পথ অনুসরণ করবে। তিনি আরও উল্লেখ করেন, এই পদক্ষেপ মানবাধিকার লঙ্ঘন ও বিকৃত বাণিজ্যিক চর্চা সংশোধনের মাধ্যমে বিশ্বব্যাপী শ্রমিকদের কল্যাণে ভূমিকা রাখবে। গ্রিয়ার এর আগে জানিয়েছিলেন, যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিদ্যমান বাণিজ্য চুক্তিতে সর্বোচ্চ শুল্কহার নির্ধারিত আছে, নতুন এই শুল্ক সেই সীমা অতিক্রম করবে না।
চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, ১০ শতাংশ শুল্কের আওতায় থাকা দেশগুলোর তালিকায় আর্জেন্টিনা, বাংলাদেশ, যুক্তরাজ্য, কম্বোডিয়া, কানাডা, ইকুয়েডর, এল সালভাদর, গুয়াতেমালা, হন্ডুরাস, ভারত, ইন্দোনেশিয়া, জর্ডান, মালয়েশিয়া, মেক্সিকো, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ত্রিনিদাদ ও টোবাগো অন্তর্ভুক্ত রয়েছে।





