বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক বৈঠকে তিনি বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ নিয়ে ইতিবাচক বার্তা দেন। বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সার্জিও গর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি যুক্তরাষ্ট্র সরকারের দৃঢ় আস্থা রয়েছে। এই আস্থার প্রতিফলন হিসেবেই বাংলাদেশ-সংক্রান্ত যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতায় (ট্রাভেল অ্যাডভাইজরি) ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে মার্কিন বিনিয়োগকারীদের কাছে একটি স্পষ্ট বার্তা পৌঁছাবে যে বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য প্রস্তুত।
বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি রোহিঙ্গা সংকট, খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) কার্যক্রম এবং তথ্যপ্রযুক্তি খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সার্জিও গর জানান, তিনি আগের দিন কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছেন। বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় প্রদান ও তাদের প্রতি মানবিক সহায়তা অব্যাহত রাখায় তিনি বাংলাদেশ সরকার ও জনগণের ভূয়সী প্রশংসা করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এর জবাবে জানান, রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তার অর্ধেকের বেশি আসে যুক্তরাষ্ট্র থেকে, যার জন্য তিনি যুক্তরাষ্ট্র সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি, রোহিঙ্গা সংকটের একটি টেকসই ও রাজনৈতিক সমাধানের ওপর জোর দেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত।
বিনিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে আরও বেশি মার্কিন বিনিয়োগের আহ্বান জানান। তিনি সয়াবিন, তুলা ও গমের মতো কৃষিপণ্য সংরক্ষণের জন্য হিমাগার বা গুদাম নির্মাণে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ প্রত্যাশা করেন। তার ভাষ্যমতে, এসব খাতে বিনিয়োগ সরবরাহব্যবস্থাকে (সাপ্লাই চেইন) আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করে তুলবে। এ ছাড়া তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের আগ্রহের কথা তুলে ধরলে সার্জিও গর জানান, এই খাতে বাংলাদেশের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে এবং ভবিষ্যতে দেশটি প্যাক্স সিলিকা উদ্যোগের অংশীদার হতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০২৫ সালের ডিসেম্বরে চালু হওয়া প্যাক্স সিলিকা উদ্যোগের মূল লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ডাক্টর ও গুরুত্বপূর্ণ খনিজসম্পদের নিরাপদ বৈশ্বিক সরবরাহব্যবস্থা গড়ে তোলা।
বৈঠকে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) সহযোগিতায় বাংলাদেশে পরীক্ষামূলক কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে উভয় পক্ষ ঐকমত্যে পৌঁছেছে। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ ও মাহদী আমিন, ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম এবং বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন উপস্থিত ছিলেন।





