উপজেলাভিত্তিক হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন, জানালেন ইসি সচিব

প্রকাশ:

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলাভিত্তিক করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানিয়েছেন, একটি উপজেলার আওতাধীন সব ইউনিয়নের ভোট একই সঙ্গে অনুষ্ঠিত হবে। সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

নির্বাচন কত ধাপে হবে তা এখনো চূড়ান্ত হয়নি জানিয়ে সচিব বলেন, ইউপি নির্বাচন কয়েক ধাপে হবে, তবে সেটি পাঁচ নাকি ছয় ধাপে হবে তা এখনো নির্ধারণ করা হয়নি। তিনি আরও বলেন, এক উপজেলার কয়েকটি ইউনিয়ন একসঙ্গে আর বাকিগুলো অন্য ধাপে হলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তাই একটি উপজেলার সব ইউনিয়ন পরিষদে একই সঙ্গে নির্বাচন সম্পন্ন করা হবে। এই নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়টি কমিশন নির্ধারণ করবে।

এর আগে সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড ইস্যু সংক্রান্ত এক বৈঠকে অংশ নেন ইসি সচিব। সেখানে তিনি জানান, স্থানীয় নির্বাচনের নতুন বিধিমালায় পোস্টার থাকবে না এবং আরও কিছু পরিবর্তন আনা হয়েছে।

এদিকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, সেপ্টেম্বরে তফসিল ঘোষণার মাধ্যমে নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় পর্যায়ের নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। এরপর পর্যায়ক্রমে সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা এবং জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

এছাড়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সচিব আখতার আহমেদ। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, নির্বাচনের জন্য তারা প্রস্তুত এবং আইটি সমর্থিত পোস্টাল ভোটিংয়ের প্রস্তুতি চলছে। পূজা ও পরীক্ষার মতো বিষয়গুলো বিবেচনায় নিয়ে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে। উল্লেখ্য, গত ২১ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর থেকে আসনটি শূন্য রয়েছে।

শেয়ার করুন