আগামী অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি অ্যান্ড স্ট্যাটেজি উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছেন, আগস্টের দ্বিতীয়ার্ধে এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা আরও জানান, স্থানীয় সরকার নির্বাচনের জন্য নির্বাচন কমিশন একটি প্রাথমিক রোডম্যাপ তৈরি করেছে। ইউনিয়ন পরিষদ ছাড়াও উপজেলা পরিষদ, পৌরসভা এবং সিটি করপোরেশন নির্বাচনের জন্য আলাদা রোডম্যাপ প্রণয়ন করা হয়েছে, যা চলতি মাসের শেষ দিকে চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে। নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার পর আগামী ১০ থেকে ১২ মাসের মধ্যে স্থানীয় সরকারের সব নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর আগে নির্বাচন কমিশনার আবদুর রহমান মাছউদ এবং আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন যে, কমিশন অক্টোবরকে সামনে রেখে স্থানীয় নির্বাচনের সব ধরনের প্রাক-প্রস্তুতি সম্পন্ন করেছে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে বোমা বিস্ফোরণের ঘটনায় দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানান। তিনি নাহিদ ইসলামের বক্তব্যকে ‘রাজনৈতিক বক্তব্য’ হিসেবে অভিহিত করে বলেন, এমন ঘটনায় সরকারের দায়িত্ব হলো নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনা। তিনি আরও বলেন, সরকার দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করে জড়িতদের ধরার সর্বোচ্চ চেষ্টা করছে। তবে নাহিদ ইসলামের মতো একজন গুরুত্বপূর্ণ নেতার কাছ থেকে তিনি আরও দায়িত্বশীল মন্তব্য প্রত্যাশা করেন বলে জানান।
এছাড়া, আগামী ৫ আগস্টের আগেই জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে বলেও সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন উপদেষ্টা জাহেদ উর রহমান।





