৩০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপ, সাত ধাপে ভোটের পরিকল্পনা

প্রকাশ:

নির্বাচন কমিশনার (ইসি) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, সারা দেশে সাত ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছে কমিশন। এই পরিকল্পনার অংশ হিসেবে প্রথম ধাপে আগামী ১২ নভেম্বর ৬৩ জেলার ৮০টি উপজেলার সব ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার বিকেলে নির্বাচন কমিশনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

ইসি সানাউল্লাহ জানান, এটি এখনো প্রাথমিক সিদ্ধান্ত। আগামী ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় আন্তঃবিভাগীয় বৈঠকের পর নির্বাচনের এই সময়সূচি চূড়ান্ত করা হবে। চূড়ান্ত সময়সূচি অনুযায়ী দেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়নের মধ্যে প্রায় ৪ হাজার ২৭২টির নির্বাচন আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

নির্বাচন কমিশনার জানান, বিভিন্ন পরীক্ষা, দুর্গাপূজা, রমজান ও ঈদের সময়সূচি বিবেচনায় নিয়ে সাত ধাপে ভোট আয়োজনের এই পরিকল্পনা করা হয়েছে। প্রথম ধাপের বিষয়ে তিনি আরও বলেন, উপনির্বাচনের বিষয়টি বিবেচনায় নিয়ে ঠাকুরগাঁও জেলাকে প্রথম ধাপের বাইরে রাখা হয়েছে এবং জেলাটিকে দ্বিতীয় ধাপে অন্তর্ভুক্ত করা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ধাপে ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপে ৩০ ডিসেম্বর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর ২০২৭ সালের ১৭ জানুয়ারি চতুর্থ ধাপ, ৪ ফেব্রুয়ারি পঞ্চম ধাপ, ২২ এপ্রিল ষষ্ঠ ধাপ এবং ২৭ মে সপ্তম ধাপে ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এর আগে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছিলেন, প্রাথমিক পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন পরিচালনার ক্ষেত্রে আইন সংশোধনের বিষয়ে ইসি সানাউল্লাহ বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে আইনে নতুন কোনো পরিবর্তন বা সংশোধন না এলে বিদ্যমান আইন অনুযায়ীই নির্বাচন পরিচালনা করা হবে। ফলে নির্ধারিত সময়ে ভোট আয়োজনে কোনো আইনি বা কার্যগত জটিলতা থাকবে না।

শেয়ার করুন