টঙ্গীর তুরাগ নদে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে টঙ্গী পূর্ব থানার ৪৫ নম্বর ওয়ার্ডের নদীবন্দর রোডে খাজা বাবা জামে মসজিদ সংলগ্ন তুরাগ নদে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত দুই কিশোর হলো মো. শামীম (১৩) ও মো. আফনান (১৪)। তাদের মধ্যে শামীমের গ্রামের বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলার বেনওয়ার চর এলাকায় এবং আফনানের বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার সিরামপাশা গ্রামে। তারা উভয়েই পরিবারের সঙ্গে টঙ্গীর বউবাজার এলাকায় ভাড়া বাসায় থাকত এবং টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তিন বন্ধু মিলে স্থানীয় একটি মাঠে খেলাধুলা শেষে তুরাগ নদে গোসল করতে নামে। দুপুর সাড়ে ১২টার দিকে নদীতে নামার পর হঠাৎ স্রোতের তোড়ে তারা তলিয়ে যেতে থাকে। তাদের সঙ্গে থাকা শিপন নামে এক শিক্ষার্থী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শামীম ও আফনান নিখোঁজ হয়ে যায়।
ঘটনার খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ও ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়। এরপর টঙ্গী পূর্ব থানার পুলিশ এবং টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার তৎপরতা শুরু করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর বেলা আড়াইটার দিকে ডুবুরি দল নদী থেকে ওই দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।





