কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপসংলগ্ন নাফ নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর প্রাণহানি ঘটেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শাহপরীর দ্বীপ জেটিঘাট এলাকায় বন্ধুদের সঙ্গে গোসল করতে নামলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত দুই শিশু হলো সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মৌলভী মাহমুদুল্লাহর ছেলে মোহাম্মদ নিশানা (১২) এবং কেফায়েত উল্লাহর ছেলে মোহাম্মদ আরজিন (১৫)।
নিহত আরজিনের বাবা কেফায়েত উল্লাহ জানান, সকালে নাস্তা সেরে বন্ধুদের সাথে ফুটবল খেলতে গিয়েছিল আরজিন। খেলা শেষে বন্ধুদের সাথে নাফ নদীতে গোসল করার সময় সে পানিতে ডুবে মারা যায়। তার মা তাকে নদীতে না যাওয়ার জন্য নিষেধ করেছিলেন, কিন্তু সেই নিষেধ উপেক্ষা করেই সে বন্ধুদের সাথে নদীতে নেমেছিল।
সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, শাহ পরীর দ্বীপ জেটি সংলগ্ন নাফ নদীতে গোসল করার সময় শিশু দুটি ডুবে যায়। ঘটনার প্রায় তিন ঘণ্টা পর স্থানীয়রা নদীর চর থেকে তাদের উদ্ধার করে। উদ্ধার করার পর তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশু দুটিকে উদ্ধারের বিষয়টি জানতে পারে। তাদের মধ্যে আরজিন ঘটনাস্থলেই মারা গিয়েছিল এবং নিশানকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, খবর পাওয়ার পর বিষয়টি তদন্তের জন্য পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বর্তমানে পুলিশের একটি টিম এ বিষয়ে সরেজমিনে খোঁজখবর নিচ্ছে। এ ঘটনায় পরবর্তীতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।





