ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলামকে মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক পৌর ছাত্রলীগ সভাপতি নবী নেওয়াজ আকাশের বিরুদ্ধে। সম্প্রতি ওসির সঙ্গে তার কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। আকাশ দৌলতখান পৌরসভার সাবেক মেয়রের ছেলে। এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ভাইরাল হওয়া ওই কল রেকর্ডে আকাশকে ওসি ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে বলতে শোনা যায়, ‘আপনি দৌলতখানে অতিথি, আমরা কিন্তু আসবো।’ এ সময় তিনি ওসির কাছে জানতে চান কেন ছাত্রলীগের ছেলেদের বাড়িতে থাকতে দেওয়া হচ্ছে না। নিজের বংশীয় প্রভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, দৌলতখান উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা তার দাদা। জবাবে ওসি ফখরুল ইসলাম তাকে বলেন, কার নির্দেশে তিনি এসব বলছেন তা খোঁজ নিতে এবং বিষয়টি নিয়ে পরে কথা হবে বলে লাইন কেটে দেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ওসি ফখরুল ইসলাম জানান, হঠাৎ করেই তাকে ফোন করে এমন হুমকি দেওয়া হয়েছে। বর্তমানে নবী নেওয়াজ আকাশের বিরুদ্ধে ভোলা সদর ও দৌলতখান থানায় নাশকতা ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। অভিযুক্তকে আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।





