নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দেশব্যাপী সন্ত্রাসী তৎপরতার প্রতিবাদে রংপুর মহানগর যুবদল ও ছাত্রদল মধ্যরাতে শহরে এক বিশাল মোটরসাইকেল শোডাউন করেছে। সোমবার ৯ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর প্রেসক্লাবের সামনে থেকে মহানগর ছাত্রদলের শতাধিক নেতাকর্মী এই কর্মসূচি শুরু করেন। শোডাউনটি পায়রা চত্বর, জুলাই চত্বর, কাচারি বাজার চেকপোস্ট, টার্মিনাল, দর্শনা মডার্ন মোড় ও পার্কের মোড় হয়ে শহীদ আবু সাঈদ চত্বরে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইমরান খান সুজন ও সদস্যসচিব রবিউল ইসলাম রবিসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। এছাড়া সিটি বাজারের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলোতেও যুবদলের নেতাকর্মীরা অবস্থান নেন। মিছিল থেকে তারা ছাত্রলীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল ‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’, ‘নিষিদ্ধ ছাত্রলীগের গুন্ডারা, হুঁশিয়ার সাবধান’ এবং ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই বাংলায় হবে না’।
নেতারা রাজপথে নৈরাজ্য ঠেকানোর ঘোষণা দিয়ে জানান, সারা রাত তারা রংপুর মহানগরীর নিরাপত্তা নিশ্চিত করতে রাজপথ পাহারা দেবেন। যেকোনো এলাকায় সন্ত্রাসীরা অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে তাদের প্রতিহত করা হবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন।
এদিকে অস্থিরতার মধ্যেই নগরীর বিএনসিসি মোড়ে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিষয়ে খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। একই রাতে স্থানীয়রা মিঠাপুকুরের ওভারব্রিজের নিচ থেকে পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছেন।





