ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের একটি পাওয়ারকারসহ মোট চারটি বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন সংলগ্ন শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জামালপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশের ঠিক আগ মুহূর্তে এই দুর্ঘটনার কবলে পড়ে। ময়মসিংহের রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনার কারণে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের জন্য ইতোমধ্যে রিলিফ ট্রেন পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। উদ্ধার কাজ শেষ হওয়ার পর পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।





