ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট: সওজ প্রকৌশলীকে দুষলেন বিএনপি নেতা

প্রকাশ:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমতলী বিশ্বরোড এলাকায় তীব্র যানজট ও সড়কের বেহাল দশা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী। একই সঙ্গে তিনি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফাকে ওই ভাঙা রাস্তায় বসিয়ে রাখার দাবি জানিয়েছেন।

শনিবার সকালে নিজের ফেসবুক পোস্টে মোজাহিদ চৌধুরী লেখেন, কুমিল্লা সড়ক বিভাগের প্রধান প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীকে আমতলী ভাঙা রাস্তায় বসিয়ে রাখা দরকার। তার এই পোস্টের নিচে অনেকেই মন্তব্য করে আমতলী বিশ্বরোড এলাকার যানজট ও সড়কের দুরবস্থার জন্য সওজ কর্মকর্তাদের দায়ী করেছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

হুমায়ুন কবির নামে একজন মন্তব্যকারী যানজট নিরসনে কুমিল্লার জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এই যানজটের কারণে কুমিল্লার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া আনোয়ার হোসেন নামে আরেকজন অভিযোগ করেন, নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফার অবহেলার কারণেই আমতলী বিশ্বরোড এলাকায় নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছে এবং তিনি দ্রুত সড়ক সংস্কারের দাবি জানান।

স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার ও শনিবার ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজট শুরু হয়, যা দুপুরের দিকে চৌদ্দগ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়ে। সংশ্লিষ্টরা একে গত কয়েক বছরের মধ্যে অন্যতম বড় যানজট হিসেবে দেখছেন। স্থানীয়দের ভাষ্যমতে, কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার প্রায় এক কিলোমিটার পূর্বে আমতলী বিশ্বরোড এলাকায় গত কয়েক দিনের বৃষ্টিতে মহাসড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তের কারণে যানবাহন ধীরগতিতে চলায় যানজট তীব্র আকার ধারণ করেছে।

অভিযোগের বিষয়ে জানতে সওজের নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফাকে একাধিকবার ফোন করা হলেও তিনি তা ধরেননি। তবে সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সফিকুল ইসলাম ভূঁইয়া জানান, ৩০০ মিটার ভাঙা সড়কের কারণে এই যানজট সৃষ্টি হয়েছে এবং আপাতত ইট দিয়ে সড়কটি মেরামতের কাজ চলছে।

শেয়ার করুন