কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালক অমিত হাসানের মৃত্যু

প্রকাশ:

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জমিতে হালচাষ করার সময় ট্রাক্টর উল্টে অমিত হাসান (২৪) নামের এক চালক নিহত হয়েছেন। ৬ সেপ্টেম্বর রবিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের ছয়সূতী বাসস্ট্যান্ড থেকে মাধবদীগামী সড়কে প্রথাব নাথ বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত অমিত হাসান ছয়সূতী পূর্বপাড়া গ্রামের মরহুম কামাল মিয়ার বড় ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় অমিত হাসান ট্রাক্টর নিয়ে জমিতে হালচাষের কাজ করছিলেন। একপর্যায়ে ছয়সূতী বাসস্ট্যান্ড থেকে মাধবদী যাওয়ার পথে সড়ক পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে যায়। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই অকাল মৃত্যুতে নিহতের পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন