সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পানিতে ডুবে আব্দুল মাজেদ পিকলু (২৪) নামের এক পর্যটক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাও বাজারের পাশে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে জেলার মধ্যনগর উপজেলা থেকে নিহত আব্দুল মাজেদ পিকলুসহ ১০ জনের একটি দল পর্যটকবাহী নৌকা ভাড়া করে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে বের হন। ভ্রমণের এক পর্যায়ে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নৌকাটি তাহিরপুর উপজেলার লামাগাও বাজারের মসজিদের পাশে মানাই নদীতে নোঙর করা হয়।
এ সময় গোসল করার জন্য কয়েকজন পর্যটক নৌকা থেকে নদীতে লাফ দেন। গোসল শেষে অনেকেই নৌকায় উঠে এলেও আব্দুল মাজেদ পিকলু আর ফিরে আসেননি। দীর্ঘ প্রায় তিন ঘণ্টা উদ্ধার অভিযান চালানোর পর স্থানীয় এলাকাবাসী তাকে পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
ঘটনার বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।





