জাপানের টোকিও মহানগর এলাকার হিনো শহরে অবস্থিত ‘তমা জুওলজিক্যাল পার্ক’-এ তীব্র তাপদাহের কারণে হিট স্ট্রোক বা ‘হিট স্ট্রেস’-এ আক্রান্ত হয়ে মাত্র এক সপ্তাহের ব্যবধানে তিনটি সিংহীর মৃত্যু হয়েছে। জুলাই মাসের শেষ দিকে সিংহগুলোর মধ্যে ক্লান্তি এবং খাওয়ায় অরুচিসহ বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা দেখা দিলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ সিংহ প্রদর্শনী বন্ধ ঘোষণা করে।
আক্রান্ত সিংহীগুলোকে বাঁচানোর জন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষ ফ্যান, ওয়াটার স্প্রে, স্যালাইন এবং বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগের মাধ্যমে তাপমাত্রা কমানোর আপ্রাণ চেষ্টা চালায়। মোট ১০টি সিংহকে বিশেষ চিকিৎসাসেবার আওতায় আনা হলেও শেষ রক্ষা হয়নি। গত ২৮ জুলাই ৩ বছর বয়সি সিংহী ‘মুগি’ প্রথম মৃত্যুবরণ করে। এর তিন দিন পর ৩১ জুলাই ১১ বছর বয়সি ‘ইচিগো’ এবং সর্বশেষ গত ২ আগস্ট ১৫ বছর বয়সি ‘লুয়েনা’ মারা যায়।
ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন এখনো পাওয়া না গেলেও, তিনটি সিংহীর শরীরেই পানিশূন্যতা এবং অঙ্গপ্রত্যঙ্গ বিকল হওয়ার লক্ষণ দেখা গেছে, যা মূলত তীব্র তাপদাহের প্রভাবেই ঘটেছে বলে বিশেষজ্ঞদের ধারণা। বর্তমানে চিড়িয়াখানার বাকি সিংহগুলোর মধ্যে চারটির শারীরিক অবস্থার উন্নতি হলেও এখনো তিনটি সিংহ চিকিৎসাধীন রয়েছে।





