২ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে কাবাডি চ্যাম্পিয়নশিপে সদর থানা জয়ী, রানারআপ বালিয়াডাঙ্গী

প্রকাশ:

ঠাকুরগাঁওয়ে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর পর্দা নেমেছে। বুধবার বিকেলে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনালে বালিয়াডাঙ্গী থানা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঠাকুরগাঁও সদর থানা দল। এই প্রতিযোগিতার রানারআপ হয়েছে বালিয়াডাঙ্গী থানা।

‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা পুলিশের কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন থানার দল অংশগ্রহণ করে। চূড়ান্ত খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোদাদাদ হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আলমগীর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজকদের মতে, আধুনিক প্রযুক্তিনির্ভর বিনোদনের ভিড়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা নতুন প্রজন্মের মধ্যে জনপ্রিয়তা হারাচ্ছে। এই ঐতিহ্য ধরে রাখা এবং তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আরও জানান, খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব। একই সঙ্গে এই ধরনের আয়োজন পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পৃক্ততা বৃদ্ধি করতেও সহায়ক ভূমিকা পালন করবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন