মার্কিন পপ তারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসির বিয়ের আয়োজনের সাক্ষী হয়েছে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেন। এই রাজকীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে ভেন্যুর চারপাশে পড়ে থাকা আবর্জনা সংগ্রহ করে তা বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন কুইন্সের শিল্পী জাস্টিন গিগনাক। সাধারণ মানুষের চোখে যা ময়লা, তা-ই এখন তার ব্যবসায়িক বুদ্ধিতে পরিণত হয়েছে আকর্ষণীয় পণ্যে।
গত শুক্রবার বিয়ের মঞ্চে যখন এই তারকা জুটি উপস্থিত ছিলেন, তখন জাস্টিন গিগনাক ভেন্যুর আশপাশে ঘুরে ময়লা খুঁজছিলেন। তিনি জানিয়েছেন, সেখান থেকে পাওয়া ‘রিং পপ’ ক্যান্ডি, একটি ফেলে রাখা ‘এয়ারপড’ এবং একটি ‘ওভুলেশন টেস্ট কিট’-এর মতো বিচিত্র সব জিনিস তিনি সংগ্রহ করেছেন। সংগৃহীত এই আবর্জনাগুলোকে তিনি ছোট ও বড় আকারের স্বচ্ছ প্লাস্টিকের কিউবে বা বাক্সে বন্দি করেছেন।
গিগনাকের তথ্যমতে, তিনি ৫০টি ‘পকেট গার্বেজ’ কিউব তৈরি করেছেন, যার প্রতিটির দাম রাখা হয়েছে ২৫ ডলার। এছাড়া সাধারণ আবর্জনার বড় কিউবগুলোর প্রতিটি ১০০ ডলার মূল্যে বিক্রি করা হচ্ছে। গিগনাক অবশ্য স্বীকার করেছেন যে, এই আবর্জনাগুলো সরাসরি বর-কনে বা অতিথিদের ফেলা—এমন কোনো নিশ্চয়তা নেই। তবে স্থান ও তারিখের বিশেষত্বের কারণে এগুলো সংগ্রহে রাখার মতো বিষয় বলে তিনি দাবি করেন। তিনি বলেন, এটি বিয়ের সময় ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরের ময়লা।
গত ২৫ বছর ধরে আবর্জনাকে কিউবে বন্দি করার কাজ করছেন জাস্টিন গিগনাক। পরিত্যক্ত জিনিসের মধ্যেও সৌন্দর্য খুঁজে পাওয়া সম্ভব—এমন দর্শন থেকে তিনি এই কাজে উদ্বুদ্ধ হন। তার এই উদ্যোগকে নিউইয়র্কবাসী ইতিবাচকভাবে দেখছেন। মিডটাউনের বাসিন্দা নাটালিয়া ক্রুজ জানান, টেইলর সুইফটের ভক্ত বা ‘সুইফটিদের’ কাছে তার সাথে সম্পৃক্ত যেকোনো কিছুরই বিশাল মূল্য রয়েছে, তাই শখের বশেই অনেকে এই বাক্সগুলো কিনবেন। অনেক পর্যটকও বিষয়টিকে সুযোগ কাজে লাগানোর একটি চমৎকার উদাহরণ হিসেবে দেখছেন।





