টাঙ্গাইলের সখীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় হোসেন আলী (৫০) নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। সোমবার (২৭ জুলাই) দুপুরে টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ মো. হাফিজুর রহমান এই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডিত হোসেন আলী সখীপুর উপজেলার কাহারতা রামখা পাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।
একই মামলায় আদালত সখীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাদশা মিয়ার ছেলে হিরু মিয়া ওরফে হায়দারকে (৫৫) পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে তাকে আরও দুই মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি হিরু মিয়া আদালতে উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম রিপন জানান, ২০২৫ সালের ২২ জানুয়ারি সন্ধ্যায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সখীপুর থানার বড়চওনা এলাকায় কালিয়া ইউনিয়ন ভূমি অফিসের সামনে অভিযান চালিয়ে হোসেন আলী ও হিরু মিয়াকে গ্রেপ্তার করে। সে সময় হোসেন আলীর কাছ থেকে ৯০ গ্রাম এবং হিরু মিয়ার কাছ থেকে ১০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এই ঘটনায় টাঙ্গাইল ডিবি (দক্ষিণ) পুলিশের এসআই নুরুজ্জামান বাদী হয়ে সখীপুর থানায় মামলা দায়ের করেছিলেন। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় ঘোষণা করেন। মামলায় আসামি পক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট আতিকুর রহমান পারভেজ ও অ্যাডভোকেট খন্দকার মনিরুল ইসলাম মনির।





