সিলেটে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ১১ জনকে জরিমানা

প্রকাশ:

সিলেটের শাহপরাণ (রহ.) থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ১১ জন চালক ও যানবাহনের মালিককে জরিমানা করা হয়েছে। নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার এবং যানবাহনের প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকার দায়ে তাদের কাছ থেকে মোট ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। বুধবার র‌্যাব-৯ এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব-৯ এবং সিলেট পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মঙ্গলবার এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, বেশ কিছু যানবাহন শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এ নির্ধারিত অনুমোদিত মাত্রার চেয়ে উচ্চমাত্রার শব্দ সৃষ্টিকারী হর্ন ব্যবহার করছে। এছাড়া বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ লঙ্ঘন করে যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্নের ব্যবহারও শনাক্ত করা হয়। পাশাপাশি অনেক চালক ও মালিক তাদের যানবাহনের প্রয়োজনীয় বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।

অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর ৬(২) ধারা এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারা অনুযায়ী এই জরিমানা করা হয়। র‌্যাব-৯ জানিয়েছে, জনস্বার্থে শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন