১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিবাহবার্ষিকীতে সন্তানদের নিয়ে নতুন করে বিয়ের শপথ সুরিয়া-জ্যোতিকার

প্রকাশ:

দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি সুরিয়া ও জ্যোতিকা তাদের দাম্পত্য জীবনের দুই দশক অতিক্রম করলেন। এই বিশেষ মাইলফলক উদযাপনে তারা গতানুগতিক কোনো আয়োজনের বদলে বেছে নিয়েছেন এক আবেগঘন পথ। নিজেদের ২০তম বিবাহবার্ষিকীতে সন্তানদের উপস্থিতিতে তারা আনুষ্ঠানিকভাবে পুনরায় বিয়ের অঙ্গীকার বিনিময় করেছেন।

খ্রিস্টান রীতি মেনে আয়োজিত এই অনুষ্ঠানে দম্পতির দুই সন্তান—মেয়ে দিয়া ও ছেলে দেব উপস্থিত ছিল। এছাড়া সুরিয়ার ভাই অভিনেতা কার্থি এবং দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুরা এই আয়োজনের সাক্ষী ছিলেন।

অনুষ্ঠানের একটি আবেগপ্রবণ ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন জ্যোতিকা। ভিডিওতে দেখা যায়, ছেলে দেবের হাত ধরে জ্যোতিকা মণ্ডপে প্রবেশ করছেন এবং পাশে মেয়ে দিয়াকে নিয়ে সুরিয়া দাঁড়িয়ে আছেন। একে অপরের আঙুলে আংটি পরিয়ে নতুন করে জীবন শুরুর শপথ নেওয়ার সময় দুজনেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিশেষ মুহূর্তের ক্যাপশনে জ্যোতিকা লিখেছেন, “দ্য সিক্যুয়েল। আমাদের ভালোবাসা আর ঝগড়ার ২০ বছর উদযাপন। এটি কোনো নিখুঁত দাম্পত্যের উদযাপন নয়, বরং ত্রুটি, মানিয়ে নেওয়া, বোঝাপড়া, ত্যাগ এবং একে অপরকে স্বার্থহীনভাবে ভালোবাসার উদযাপন।” তিনি আরও উল্লেখ করেন যে, তিনি কোনো অভিযোগ করতে চান না, কারণ জীবনের অপূর্ণতার মধ্যেই একে অপরের শূন্যতা পূরণ করাটাই আসল।

স্বামী সুরিয়ার প্রশংসা করে জ্যোতিকা বলেন, “সুরিয়া, আমি আজীবন তোমার সেই অসম্পূর্ণ স্ত্রী হয়েই থাকতে চাই, যে ঝগড়া করবে, মান ভাঙাবে আর এতে প্রতিবার আমাদের সম্পর্ক আরও কিছুটা ঘনিষ্ঠ হবে।” জীবনসঙ্গী, গোপন কথার সঙ্গী এবং সেরা বন্ধুকে একই মানুষের মধ্যে খুঁজে পাওয়াই তাদের সম্পর্কের মূল শক্তি বলে তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, ১৯৯৯ সালে ‘পুভেল্লাম কেট্টুপ্পার’ সিনেমার সেটে সুরিয়া ও জ্যোতিকার প্রথম পরিচয় হয়। পরবর্তীতে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্কের পর ২০০৬ সালের ১১ সেপ্টেম্বর তামিল রীতি মেনে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ২০ বছর পর তাদের এই নতুন করে বিয়ের অঙ্গীকার প্রমাণ করে যে, প্রকৃত ভালোবাসার সমীকরণ সময়ের সাথে আরও গভীর হয়।

শেয়ার করুন