চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেশের মোট ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। সোমবার (১০ আগস্ট) সকালে এই ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
ফলাফল অনুযায়ী, শূন্য পাসের হারের তালিকায় থাকা ৩১২টি প্রতিষ্ঠানের মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে রয়েছে ৫৭টি প্রতিষ্ঠান। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২২৬টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২৯টি প্রতিষ্ঠান রয়েছে। দেশের বাইরে অবস্থিত একটি পরীক্ষাকেন্দ্রেও কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।
সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রীর কাছে নিজ নিজ বোর্ডের ফল হস্তান্তর করেন।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী ছিল।





