আজ প্রকাশিত হচ্ছে এসএসসি পরীক্ষার ফল

প্রকাশ:

সোমবার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে যাচ্ছে। এদিন সকাল ১০টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করবেন।

পরীক্ষার্থী ও অভিভাবকরা তিনভাবে এই ফলাফল জানতে পারবেন। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল পাওয়ার সুযোগ রয়েছে। শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত কমন ওয়েবসাইট (https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd) থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ফলাফল দেখা যাবে। এছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমেও ফলাফল জানা সম্ভব।

মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল পাওয়ার জন্য যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে বার্তা পাঠাতে হবে। ১৬১৪০ নম্বরে এসএমএস করার ক্ষেত্রে 'SSC' লিখে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখে পাঠাতে হবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড কিংবা সংবাদপত্র অফিস থেকে সরাসরি কোনো ফলাফল পাওয়া যাবে না।

কেউ যদি প্রকাশিত ফলাফলে অসন্তুষ্ট হয় বা ফল খারাপ হয়, তবে পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের আবেদনের সুযোগ থাকবে। এই আবেদন প্রক্রিয়া অনলাইনে ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত চলবে।

উল্লেখ্য, এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা ২০ মে এবং দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ ২৪ মে শেষ হয়। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের নিয়ম থাকলেও, এবার নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর ফলাফল ঘোষণা করা হচ্ছে।

শেয়ার করুন