সৈয়দপুরে মাদক ও মোবাইল আসক্তি রোধে ক্রীড়া সামগ্রী বিতরণ

প্রকাশ:

তরুণ প্রজন্মকে মাদক, জুয়া ও মোবাইল গেমের আসক্তির মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রেখে খেলাধুলায় আগ্রহী করে তোলার লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রশাসন বিশেষ উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ক্রীড়া ক্লাব ও সামাজিক সংগঠনের মাঝে ধারাবাহিকভাবে ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রম চলছে।

বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে গোলাহাট এপিএস ক্রীড়া চক্রের প্রতিনিধিদের হাতে একটি ফুটবল ও একটি মিনি গোলপোস্ট তুলে দেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। এ সময় উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, সাংবাদিক নওশাদ আনসারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে এর আগেও বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ক্রীড়া সংগঠনের মাঝে ফুটবল, ক্রিকেট ব্যাট, গ্লাভস, উইকেট, নেট ও গোলপোস্টের মতো প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়েছে। মাঠের আয়তন অনুযায়ী বড় বা ছোট গোলপোস্ট সরবরাহ করা হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার আরও বিভিন্ন প্রতিষ্ঠানে এই কার্যক্রম চলমান থাকবে।

অনুষ্ঠানে ইউএনও ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, সুস্থ দেহ ও সুন্দর মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। বর্তমানের ঝুঁকিপূর্ণ মোবাইল গেম ও মাদকের আসক্তি থেকে তরুণদের মাঠমুখী করতে এবং স্বাস্থ্যকর জীবনধারায় অভ্যস্ত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে তরুণরা মানসিকভাবে দৃঢ় এবং পড়াশোনায় আরও মনোযোগী হয়ে উঠবে।

উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু জানান, একটি সুস্থ ও ইতিবাচক সমাজ গঠনের লক্ষ্যেই প্রশাসন মাঠ পর্যায়ের ক্রীড়া উন্নয়নে কাজ করে যাচ্ছে। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা প্রশাসনের এই উদ্যোগকে সময়োপযোগী বলে অভিহিত করেছেন। তাদের মতে, নিয়মিত ক্রীড়া সামগ্রী বিতরণের ফলে তরুণরা খেলার মাঠে ফিরবে, যা এলাকায় প্রতিভাবান ফুটবলার ও ক্রিকেটার তৈরিতে এবং সামাজিক অবক্ষয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন