নারীদের মাদকাসক্তি চিকিৎসায় শুরু হলো তিন দিনের বিশেষায়িত প্রশিক্ষণ

প্রকাশ:

নারীদের মাদকাসক্তিজনিত সমস্যা মোকাবিলায় লিঙ্গ-সংবেদনশীল ও প্রমাণভিত্তিক চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে তিন দিনব্যাপী একটি বিশেষায়িত ক্লিনিক্যাল প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে শুরু হওয়া এই কর্মশালাটি ঢাকা আহ্ছানিয়া মিশন এবং আইসাপ বাংলাদেশ চ্যাপ্টারের যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছে।

‘উইমেনস ইন্টারভেনশন অব সাবস্ট্যান্স এক্সপোজার (ডাব্লিউআইএসই)’ কর্মসূচির আওতায় ‘কমপ্রিহেনসিভ কেয়ার ফর সাবস্ট্যান্স ইউজ ডিসঅর্ডার – কোর্স ওয়ান: ক্লিনিক্যাল কেয়ার ফর উইমেন উইথ সাবস্ট্যান্স ইউজ ডিসঅর্ডারস’ শীর্ষক এই প্রশিক্ষণটি ২০ আগস্ট পর্যন্ত চলবে। এতে চিকিৎসক ও ক্লিনিশিয়ানসহ মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন সেবার সঙ্গে যুক্ত বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করছেন।

প্রশিক্ষণটির মূল লক্ষ্য হলো অংশগ্রহণকারীদের ক্লিনিক্যাল জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি করা। একই সঙ্গে তাদের ট্রমা-সচেতন ও সংস্কৃতিসংবেদনশীল চিকিৎসা পদ্ধতিতে দক্ষ করে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কর্মশালায় মাদক ব্যবহারের শারীরিক, মানসিক ও সামাজিক প্রভাব, ট্রমা-সচেতন সেবা, স্ক্রিনিং, ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা পরিকল্পনা এবং নিরাপদ চিকিৎসা পরিবেশ তৈরির মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। পাশাপাশি দলীয় আলোচনা, রোল প্লে ও কেস স্টাডির মাধ্যমে বিষণ্ণতা, উদ্বেগ, পিটিএসডি ও খাদ্যাভ্যাসজনিত সহ-বিদ্যমান মানসিক স্বাস্থ্য সমস্যা মোকাবিলার কৌশল শেখানো হচ্ছে।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করছেন ইকবাল মাসুদ, মো. তানভীর আহমেদ ও জান্নাতুল ফেরদৌস। আয়োজকদের মতে, মাদকাসক্ত নারীরা প্রায়ই সামাজিক কলঙ্ক, বিশেষ স্বাস্থ্যঝুঁকি, পারিবারিক প্রতিবন্ধকতা ও সহিংসতার মুখোমুখি হন, তাই তাদের জীবন-অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে চিকিৎসা প্রদান করা জরুরি। ঢাকা আহ্ছানিয়া মিশন বর্তমানে ‘মায়ের হাসি মানসিক স্বাস্থ্য সেবা কেন্দ্র’ ও ‘আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র’ নামে দুটি বিশেষায়িত প্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে এই কার্যক্রমকে এগিয়ে নিচ্ছে।

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ২১: ০৩আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ২১: ০৪

শেয়ার করুন