বিদ্যুৎ ও জ্বালানি সংকটে বিশেষ সংসদ অধিবেশন আহ্বানের আহ্বান

প্রকাশ:

তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট, জনজীবন বিপর্যস্তকারী লোডশেডিং এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের অনুরোধ জানিয়ে প্রেসিডেন্ট বরাবর একটি চিঠি পাঠিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমীর ডা. শফিকুর রহমান। শুক্রবার পাঠানো এই চিঠির অনুলিপি প্রধানমন্ত্রী ও সংসদ সচিবালয়েও প্রেরণ করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, বর্তমানে দেশজুড়ে বিরাজমান তীব্র বিদ্যুৎ সংকটের কারণে সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। লাগামহীন লোডশেডিংয়ের ফলে শিল্প-উৎপাদন ও ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জ্বালানি সংকটের প্রত্যক্ষ প্রভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, যা জনগণকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।

জনগণের প্রতিনিধি হিসেবে এই সংকটকালে নীরব থাকা সম্ভব নয় বলে চিঠিতে মন্তব্য করা হয়েছে। দেশের উদ্ভূত এই পরিস্থিতি মোকাবিলায় সংসদে অর্থবহ আলোচনা এবং দ্রুত সমাধানের পথ খোঁজা অত্যন্ত জরুরি বলে মনে করেন বিরোধীদলীয় নেতা। এ লক্ষ্যেই তিনি অবিলম্বে জাতীয় সংসদের একটি বিশেষ অধিবেশন আহ্বান করার জন্য প্রেসিডেন্টের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন