ফুটবল বিশ্বের নজর এখন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের দিকে। ইতিহাসের প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুই মহাদেশের দুই শক্তিশালী দল—ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকা জয়ী ও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ফাইনালকে ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা ও নানা হিসাব-নিকাশ।
এই উত্তেজনার মধ্যেই ডাটা বিশ্লেষণ প্রতিষ্ঠান ‘অপটা সুপার কম্পিউটার’ তাদের পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাস প্রকাশ করেছে। তাদের বিশ্লেষণে দেখা গেছে, ৯০ মিনিটের লড়াইয়ে আর্জেন্টিনার চেয়ে কিছুটা এগিয়ে রয়েছে স্পেন। স্প্যানিশদের জয়ের সম্ভাবনা ৪৫.১ শতাংশ ধরা হয়েছে, যেখানে আর্জেন্টিনার সম্ভাবনা ২৯.৪ শতাংশ। এছাড়া ম্যাচটি অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা রয়েছে ২৫.৪ শতাংশ।
তবে সুপার কম্পিউটারের এই পূর্বাভাস নিয়ে সমর্থকদের মধ্যে ভিন্নমত রয়েছে। এবারের আসরে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত বেশ কিছু অনুমান সঠিক হলেও সেমিফাইনালের ক্ষেত্রে তা কার্যকর হয়নি। তাই আর্জেন্টিনা সমর্থকরা মনে করছেন, মাঠের পারফরম্যান্সের কাছে সব পরিসংখ্যান হার মানতে পারে।
তালিকায় আর্জেন্টিনার সামনে সুযোগ রয়েছে ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে টানা দুইবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার। অন্যদিকে, ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে স্পেন। লিওনেল মেসির ক্যারিয়ারের সম্ভাব্য শেষ বিশ্বকাপের আবেগ এবং তরুণ স্প্যানিশ দলের ধারাবাহিকতা সব মিলিয়ে এই ফাইনালটি ফুটবল ইতিহাসের অন্যতম আকর্ষণীয় ম্যাচ হতে যাচ্ছে। শেষ পর্যন্ত কার হাতে ট্রফি উঠবে, তা দেখার অপেক্ষায় এখন পুরো বিশ্ব।




