হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম মোতায়েনের প্রস্তুতি দক্ষিণ কোরিয়ার

প্রকাশ:

হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে সহায়তার অংশ হিসেবে সামরিক সরঞ্জাম মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া। সরকারি ও সামরিক সূত্রের বরাতে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ এই মোতায়েন প্রক্রিয়া সম্পন্ন হতে পারে।

দক্ষিণ কোরিয়ার সরকার এই মিশনের জন্য প্রয়োজনীয় সংসদীয় অনুমোদনের প্রক্রিয়া শুরু করেছে। মন্ত্রিসভার পর্যালোচনার পর চলতি মাসের মধ্যেই সংসদে সম্মতি প্রস্তাব জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। সম্ভাব্য সহায়তার বিকল্প হিসেবে একটি সামুদ্রিক টহল বিমান, একটি রসদ সরবরাহকারী জাহাজ অথবা মাইন শনাক্ত ও অপসারণকারী একটি ইউনিট পাঠানোর কথা ভাবা হচ্ছে। এই সহায়তার ধরন ও পরিসর নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের মতো দেশগুলোর সঙ্গে সিউল আলোচনা চালাচ্ছে।

তবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় 'ব্লু হাউস' জানিয়েছে, হরমুজে নৌ চলাচলের স্বাধীনতায় কীভাবে সহায়তা করা যায়, তা নিয়ে আলোচনা চললেও সামরিক সরঞ্জাম মোতায়েনের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ সংক্রান্ত প্রকাশিত খবরগুলো প্রকৃত তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তারা দাবি করেছে।

প্রসঙ্গত, গত আগস্ট মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেছিলেন যে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করতে দক্ষিণ কোরিয়া রাজি না হওয়ায় তিনি দেশটির সঙ্গে যৌথ সামরিক মহড়ার পরিমাণ আংশিকভাবে কমিয়ে দিয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে দক্ষিণ কোরিয়ার সরকারি ও সামরিক সূত্রের বরাতে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।বিভিন্ন প্রতিবেদনের ভাষ্যমতে, হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম মোতায়েনের জন্য সংসদের অনুমোদন নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে দক্ষিণ কোরিয়ার সরকার।

শেয়ার করুন