প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০: ৩৮। রাজধানীর অফিসার্স ক্লাবে সম্প্রতি সোনারগাঁও ইউনিভার্সিটির নবীন শিক্ষার্থীদের বরণ এবং প্রাক্তন কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের লক্ষ্যে ‘ওরিয়েন্টেশন ও প্রাক্তন কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের শিক্ষাজীবনের নতুন অধ্যায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। একই সঙ্গে সোনারগাঁও ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২৭ জন কৃতি সদস্যকে তাদের কৃতিত্বের জন্য সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আবদুল আজিজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. জামাল উদ্দিন এবং সোনারগাঁও ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের নির্বাহী সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা। এছাড়া বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা আজিজুল বারী (শীপু) ও মীর আবদুল আলিমও এতে অংশ নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর শামিম আরা হাসান, উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর বুলবুল আহমেদ, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলামসহ বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নবীন শিক্ষার্থীদের জন্য একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাচ ও গানসহ নানা পরিবেশনায় নবীনদের বরণ করে নেওয়ার পাশাপাশি তাদের নতুন যাত্রাকে আনন্দময় ও স্মরণীয় করে তোলার উদ্যোগ নেওয়া হয়।





