ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংকে গ্রাহকের পৌনে আট লাখ টাকা চুরি

প্রকাশ:

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কুমারশীল মোড় এলাকায় অবস্থিত সোনালী ব্যাংকের কর্পোরেট শাখায় এক গ্রাহকের সাত লাখ ৮০ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। ভুক্তভোগী গ্রাহক আবু ইউসুফ বাবু জানান, জেলা সাব রেজিস্ট্রি অফিসের নামে পে-অর্ডার করার উদ্দেশ্যে তিনি ওই পরিমাণ টাকা নিয়ে ব্যাংকে এসেছিলেন।

ঘটনার বিবরণ দিয়ে আবু ইউসুফ বাবু জানান, দুপুর ১২টার দিকে তিনি ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে টাকার ব্যাগটি রেখে পাশে একটি টেবিলে বসে জমার ভাউচার লিখছিলেন। সেই সুযোগে প্রতারক চক্রের এক সদস্য অত্যন্ত কৌশলে ব্যাগটি নিয়ে ব্যাংক থেকে পালিয়ে যায়।

সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া কর্পোরেট শাখার প্রধান মে. শরীফুল হক জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তিনি বলেন, গ্রাহক টাকার ব্যাগটি কাউন্টারের সামনে রেখে জমার ভাউচার লিখছিলেন এবং টাকার দিকে নজর না রাখার কারণেই প্রতারক চক্র কৌশলে টাকা নিয়ে চলে যাওয়ার সুযোগ পেয়েছে।

এই চুরির ঘটনায় ভুক্তভোগী গ্রাহক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন