দিনাজপুরের চিরিরবন্দরে ৩৮ কোটি টাকার সাপের বিষসহ আটক ৪

প্রকাশ:

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩৮ কোটি ৫৭ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ সাপের বিষ উদ্ধার করেছে বিজিবি ও র‌্যাব সদস্যরা। যৌথ এই অভিযানে চারজন পাচারকারীকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আটককৃতরা হলেন চিরিরবন্দরের দামুর গ্রামের মো. জাহাঙ্গীর আলম (৪৩), দিনাজপুর সদর উপজেলার ছোট গুড়গোলা এলাকার মো. সালাউদ্দিন সান্জু (৪১), ফুলবাড়ী উপজেলার মো. আনিছুর রহমান (৫৫) এবং বিরামপুর উপজেলার কৃন্দনহাট গ্রামের উজ্জল আলী (৫৪)।

বিজিবি সূত্র জানায়, গত ১৩ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর বিজিবি, র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্প এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত দল আমবাড়ী এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানে ৩টি কাচের জারে সর্বমোট ৫ কেজি ৭০০ গ্রাম সাপের বিষ জব্দ করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার, দুটি মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন এবং ছয়টি সিমকার্ডও উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন যে তারা একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য। উদ্ধারকৃত বিষ বিদেশে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। ১৯ আগস্ট হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে রাসায়নিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, উদ্ধারকৃত নমুনাগুলো সাপের বিষ।

উদ্ধারকৃত মালামালসহ আটক চারজনকে চিরিরবন্দর থানায় হস্তান্তর করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানিয়েছেন, সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন