অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং পলায়নের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বুধবার রাষ্ট্রপতির (ভারপ্রাপ্ত) অনুমোদনের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে ছয়টি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
বরখাস্ত হওয়া অন্য কর্মকর্তারা হলেন সুদীপ কুমার চক্রবর্তী, ওয়ারী বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) ইকবাল হোসাইন, ঢাকা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. গোলাম রুহানী, অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস এবং কাজী আশরাফুল আজীম। এর মধ্যে গোলাম রুহানী পররাষ্ট্র মন্ত্রণালয়ে সহকারী সচিব হিসেবে প্রেষণে কর্মরত ছিলেন। রাজন কুমার দাস কক্সবাজারের উখিয়ায় এপিবিএনে কর্মরত ছিলেন এবং কাজী আশরাফুল আজীম চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সাময়িক বরখাস্ত অবস্থায় সংযুক্ত ছিলেন।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সরকারি চাকরিতে দায়িত্ব পালনের ক্ষেত্রে অননুমোদিত অনুপস্থিতি ও পলায়নের দায়ে এই ছয় কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছিল। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে তাদের চাকরি থেকে বরখাস্তের এই সিদ্ধান্ত নেওয়া হয়।





