সিংড়ার দুই শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

প্রকাশ:

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নাটোরের সিংড়া উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। প্রতিষ্ঠান দুটি হলো কলম কারিগরি স্কুল অ্যান্ড কলেজ এবং বাহাদুর দাখিল মাদ্রাসা। এই দুই প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৫১ জন শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন।

উপজেলার আরও কয়েকটি প্রতিষ্ঠানের ফলাফলও বেশ হতাশাজনক। এর মধ্যে বড়সাঐল টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এবং ফরিদনগর টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ থেকে মাত্র একজন করে পরীক্ষার্থী পাস করেছেন। এছাড়া ঐতিহ্যবাহী চৌগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজের ভোকেশনাল শাখা থেকে ৪৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে মাত্র ৩ জন কৃতকার্য হতে পেরেছেন।

ফল বিপর্যয়ের বিষয়ে কলম কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুস সবুরের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে কথা বলেন তার স্ত্রী ও ওই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মাহফুজা আকতার। তিনি জানান, তাদের প্রতিষ্ঠানের ফলাফল সাধারণত সবসময়ই ভালো থাকে। তবে এবার ৪২ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হওয়ায় শিক্ষকরা চরম বিস্মিত ও হতবাক হয়েছেন। এমন অপ্রত্যাশিত ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে গভীর দুশ্চিন্তা দেখা দিয়েছে।

অন্যদিকে বাহাদুর দাখিল মাদ্রাসার সুপার ইউনুস আলী জানান, তার মাদ্রাসা থেকে চলতি বছর ৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল, যাদের কেউই পাস করতে পারেনি। প্রতিষ্ঠানটি নন-এমপিও হলেও ২০০৪ সাল থেকে এ পর্যন্ত সবসময়ই সন্তোষজনক ফলাফল বজায় রেখেছিল বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে সিংড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসা. নাজনীন সুলতানা জানান, সব প্রতিষ্ঠানের পরীক্ষার ফলাফল জেলা শিক্ষা অফিসের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। পরবর্তীতে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন