চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি স্টেশন রোড এলাকার ফেরদৌস স্টিল নামের একটি জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসের প্রভাবে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে, যারা সবাই ভাটিয়ারি এলাকার বাসিন্দা। তাঁরা হলেন সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭) এবং দুই ভাই মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)।
দুর্ঘটনায় আরও অন্তত তিনজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। স্থানীয় জেলেরা জানিয়েছেন, কারখানার ভেতর থেকে নির্গত গ্যাসের গন্ধ এতটাই তীব্র ছিল যে, সাগরে মাছ ধরতে যাওয়া জেলেরা কারখানা সংলগ্ন খালে প্রবেশ করতে পারেননি। বাধ্য হয়ে তাঁদের অন্তত আধা কিলোমিটার দূরে গিয়ে নৌকা নোঙর করতে হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, কারখানার ভেতর থেকে হঠাৎ মানুষের চিৎকার শোনা যায়। এরপরই অসুস্থ কয়েকজনকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়। কারখানার ভেতরে শ্রমিকদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে কারখানায় ভাঙচুর চালান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কারখানার মালিক মো. মহিউদ্দিন জানান, তিনি কারখানার বাইরে থাকলেও জানতে পেরেছেন যে জাহাজে থাকা ছয় থেকে আটজন কর্মী অসতর্কতাবশত বিষাক্ত গ্যাসের কবলে পড়েছেন। এর মধ্যে চার থেকে পাঁচজনের মৃত্যু এবং তিনজনের মতো আহত হওয়ার কথা স্বীকার করেন তিনি। এ বিষয়ে বিস্তারিত পরে জানাবেন বলে জানান মালিক।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কারখানা থেকে ছয়জনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক পাঁচজনকে মৃত ঘোষণা করেন।





