বগুড়ার শেরপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে। সোমবার ৬ জুলাই উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভা কার্যালয় ও মির্জাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। এ সময় তিনি সুবিধাভোগীদের হাতে চাল তুলে দেন।
অনুষ্ঠানে মানবিক সহায়তার অংশ হিসেবে শেরপুর পৌরসভার ৩৩৩ জন এবং মির্জাপুর ইউনিয়নের ১৬৭ জনসহ মোট ৫০০ জন সুবিধাভোগীর প্রত্যেককে ১৫ কেজি করে চাল দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, আওয়ামী লীগ সরকারের সময় শেখ হাসিনার সরকার ছিল ধনীদের সরকার। তারা কখনো গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কথা চিন্তা করেনি। তিনি আরও বলেন, পাগল শেখ হাসিনা দলের নেতাকর্মী ও দেশের জনগণকে রেখে পালিয়ে গেছেন। তাই পাগল দলের রাজনীতি না করে জনগণের দল বিএনপিতে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি দাবি করেন, বিএনপি জনগণের সরকার এবং এই দল সব সময় গরিব ও অসহায় মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র আলহাজ জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ সিরাজ রব্বানী, বিএনপি নেতা গোলাম মাহবুব প্যারিস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম শামীম, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।





